রাজশাহী প্রতিনিধি
রাজশাহীর পবা উপজেলার বামনশেখর এলাকায় ঋণের দায়ে দুই সন্তান ও স্ত্রীকে হত্যার পর আত্মহত্যা করেছেন মিনারুল ইসলাম (৩৫) নামের এক ব্যক্তি। বৃহস্পতিবার দিবাগত রাতে পারিলা ইউনিয়নের বামনশেখর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন—মিনারুল ইসলাম, তার স্ত্রী মনিরা বেগম (৩০), মেয়ে মিথিলা খাতুন (৭) ও ছেলে মাহিম (৫)। রাতেই বাড়ির শোবার ঘর থেকে চারজনের লাশ উদ্ধার করে পুলিশ।
মিনারুলের কক্ষ থেকে একটি হাতের লেখা চিরকুট উদ্ধার করা হয়েছে। সেখানে তিনি লেখেন, “আমি নিজ হাতে সবাইকে মারলাম। এই কারণে যে আমি যদি মরে যাই, তাহলে আমার ছেলেমেয়ে কার আশায় বেঁচে থাকবে। কষ্ট আর দুঃখ ছাড়া কিছুই পাবে না। আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাবারের অভাবে… আমার জন্য আমার বাবা অনেক লোকের কাছে ছোট হয়েছে, আর হতে হবে না। চিরদিনের জন্য চলে গেলাম।”
রাজশাহী মহানগরীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দীর্ঘদিনের ঋণ ও আর্থিক সংকট থেকে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে।
এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। প্রতিবেশীরা জানিয়েছেন, মিনারুল সম্প্রতি ঋণের বোঝা ও সংসারের খরচ জোগাতে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন।

