হবিগঞ্জ প্রতিনিধি
চাঁদাবাজির অভিযোগে সেনাবাহিনীর হাতে আটক মাধবপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জামিল চৌধুরীর বিরুদ্ধে করা মামলার বাদী অরূপ চৌধুরীকে গ্রেফতার করেছে পুলিশ।
শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কান্ত নাথ জানান, অরূপ চৌধুরীকে শায়েস্তাগঞ্জ থানার একটি ডাকাতি মামলায় মাধবপুর থেকে গ্রেফতার করা হয়েছে। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ধরমন্ডল গ্রামের মনির চৌধুরীর ছেলে। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে ডাকাতি, মাদক ও মারামারির অন্তত পাঁচটি মামলা রয়েছে।
উল্লেখ্য, অরূপ চৌধুরীর অভিযোগের প্রেক্ষিতে সেনাবাহিনীর একটি টিম শুক্রবার ভোররাতে কালিকাপুর এলাকা থেকে মাধবপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জামিল চৌধুরী ও মোনায়েম খানকে আটক করে মাধবপুর থানায় হস্তান্তর করে।
এ ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। জামিল চৌধুরীর শুভাকাঙ্ক্ষীরা এ ঘটনাকে ষড়যন্ত্রমূলক দাবি করে এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানান।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সহিদ উল্ল্যা জানান, চাঁদাবাজির অভিযোগে জামিল চৌধুরী ও মোনায়েম খানের বিরুদ্ধে নিয়মিত মামলা হয়েছে।

