রাসেল আহমেদ, খুলনা প্রতিনিধি
খুলনার রূপসা উপজেলার পূর্ব রূপসা শাখায় অবস্থিত কৃষি ব্যাংকের লকার ভেঙে প্রায় ১৬ লাখ টাকা লুট করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকেল থেকে শুক্রবার (১৫ আগস্ট) রাত সাড়ে ১০টার মধ্যে যেকোনো সময়ে এই চুরির ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ছিল সপ্তাহের শেষ কার্যদিবস। বিকেল থেকে ব্যাংকটি বন্ধ ছিল এবং রাতে কোনো প্রহরী ছিল না বলে দাবি করেন এলাকাবাসী। শুক্রবার রাত ১০টার দিকে ব্যাংকের মূল গেটের তালা ভাঙা দেখতে পান এক নিরাপত্তা প্রহরী। তিনি চিৎকার শুরু করলে স্থানীয়রা এগিয়ে আসে এবং তাৎক্ষণিকভাবে রূপসা থানা পুলিশকে খবর দেওয়া হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং ব্যাংকের ভেতরে প্রবেশ করে লকার ভাঙা অবস্থায় দেখতে পায়। স্থানীয়রা জানান, ব্যাংকে মোট প্রায় ২০ লাখ টাকা ছিল, যার মধ্যে প্রায় ১৬ লাখ টাকা খোয়া গেছে।
রূপসা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান নবধারাকে জানান, বৃহস্পতিবার বিকেলে ব্যাংক বন্ধ হয়ে যায়। ওই সময় থেকে শুক্রবার রাত সাড়ে ১০টার মধ্যে চুরির ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। আমরা ব্যাংক ও আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করছি। তদন্ত চলমান রয়েছে।
তিনি আরও বলেন, ব্যাংকে কোনো নিরাপত্তা প্রহরী না থাকায় দুর্বৃত্তরা সুযোগ বুঝে ঘটনাটি ঘটিয়েছে। দোষীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।
এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ। তবে তদন্ত চলছে বলে জানায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

