এস এম শরিফুল ইসলাম স্টাফ রিপোর্টার,নড়াইল প্রতিনিধি
বিএনপিকে উদ্দেশ্য করে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, কে পিআর পদ্ধতির নির্বাচন চায় বা চায় না, তা গুরুত্বপূর্ণ নয়। আগামি সংসদ নির্বাচন পিআর পদ্ধতিতে অনুষ্ঠিত হবে এবং দেশের জনগণ এই পদ্ধতি গ্রহণ করবেন।
শনিবার (১৬ আগস্ট) সকাল ৮টার দিকে নড়াইল জেলা পরিষদ মিলনায়তনে জেলা জামায়াতে ইসলামীর লিডারশীপ প্রশিক্ষণের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, পিআর পদ্ধতি জামায়াতে ইসলামীর জন্য নতুন কিছু নয়। আমাদের সাবেক আমির অধ্যাপক গোলাম আজম নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে দুটি পদ্ধতির কথা বলেছিলেন— একটি তত্ত্বাবধায়ক সরকার, অন্যটি পিআর পদ্ধতির নির্বাচন। বিগত সময়ে যেমন তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠিত হয়েছিল, তেমনি সব দলের অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে পিআর পদ্ধতিও প্রতিষ্ঠিত হবে।
তিনি বলেন, আগামি সংসদ নির্বাচন ইনশাআল্লাহ পিআর পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে পৃথিবীতে যত পদ্ধতি চালু আছে, তার মধ্যে পিআর পদ্ধতি সবচেয়ে গ্রহণযোগ্য ও নিরপেক্ষ। বর্তমানে ৯১টি দেশে এই পদ্ধতি চালু রয়েছে।
নড়াইল জেলা জামায়াতে ইসলামীর লিডারশীপ প্রশিক্ষণ কর্মশালায় আরও উপস্থিত ছিলেন— জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসেন, মির্জা আশেক এলাহী, জেলা আমির আতাউর রহমান বাচ্চু, সেক্রেটারি ওবায়দুল্লাহ কায়সারসহ অন্যান্য নেতৃবৃন্দ।

