উত্তম শর্মা, দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের বীরগঞ্জে সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৬ আগস্ট) দুপুর ১২টায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য ফ্রন্ট বীরগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত বর্ণাঢ্য শোভাযাত্রাটি পৌর শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে বীরগঞ্জ কেন্দ্রীয় মহানাম যজ্ঞানুষ্ঠান অঙ্গনে গিয়ে শেষ হয়। এরপর জন্মাষ্টমী উদযাপন কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জন্মাষ্টমী উদযাপন কমিটির সভাপতি বীরেন্দ্র নাথ রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষক দল কেন্দ্রীয় কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি মোঃ মনজুরুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের মনোনীত প্রার্থী মতিউর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন ধলু, পৌর বিএনপির সভাপতি আমিরুল বাহার এবং বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য ফ্রন্ট উপজেলা শাখার সভাপতি মনোজ কুমার রায়।
বিশেষ এই ধর্মীয় অনুষ্ঠানে বক্তারা শ্রীকৃষ্ণের জীবন ও তার আদর্শের ওপর আলোকপাত করে বলেন, শ্রীকৃষ্ণের বাণী ও জীবনাচরণ অনুসরণ করে সমাজে কল্যাণ ও ন্যায় প্রতিষ্ঠা করা সম্ভব।
অনুষ্ঠানটিতে উপজেলার সনাতন সম্প্রদায়ের বিপুলসংখ্যক ভক্তবৃন্দের অংশগ্রহণে পুরো পরিবেশ ছিল উৎসবমুখর।

