মো. এনামুল হক, পঞ্চগড় জেলা প্রতিনিধি
পঞ্চগড় সদর উপজেলার ভিতরগড় সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে তিন বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (১৯ আগস্ট) গভীর রাতে নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন– ঠাকুরগাঁও সদর উপজেলার আচ্ছানিমবাড়ী গ্রামের উপেনের ছেলে শ্রী রাম (৩৫), তার স্ত্রী শ্রীমতী চন্দনা রাণী (৩৩) এবং দিনাজপুর জেলার কাহারোল উপজেলার চান্দুরী গ্রামের মনাব্বরের ছেলে শামীম (৩২)।
বিজিবির সূত্রে জানা গেছে, সীমান্তের মেইন পিলার ৭৪৪ এর ৪ নম্বর সাব-পিলার সংলগ্ন পোকলাভিটা এলাকায় টহল চলাকালে তাদের আটক করা হয়। তারা রাতের আঁধারে সীমান্ত অতিক্রম করে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন। এ সময় তাদের কাছ থেকে নগদ ৯ হাজার ৭৬০ টাকা এবং তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়।
বিজিবি আরও জানায়, আটককৃতরা দালালচক্রের মাধ্যমে ভারতে প্রবেশের জন্য ৪৯ হাজার টাকায় চুক্তিবদ্ধ হয়েছিলেন।
৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক শেখ মোহাম্মদ বদরুদ্দোজা জানান, আটককৃতদের পঞ্চগড় সদর থানায় হস্তান্তর করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

