হুমায়ুন কবির মিরাজ, বেনাপোল
যশোরের ঝিকরগাছা উপজেলায় বিদ্যুতের খুঁটি থেকে সেচের কাজে ব্যবহৃত চারটি ট্রান্সফরমার চুরি হয়ে গেছে। এতে শতাধিক কৃষক সেচ কার্যক্রম ব্যাহত হয়ে মারাত্মক ক্ষতির মুখে পড়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার টাওরা ও বর্ণি গ্রামে এসব ট্রান্সফরমার স্থাপন করা হয়েছিল কৃষিজমিতে সেচের জন্য। বৃহস্পতিবার গভীর রাতে দুর্বৃত্তরা ট্রান্সফরমারগুলো খুঁটি থেকে খুলে নিয়ে যায়। শুক্রবার সকালে আব্দুস সামাদ নামে এক কৃষক কাজ করতে গিয়ে বিষয়টি দেখতে পেয়ে সংশ্লিষ্টদের অবহিত করেন।
ভুক্তভোগীদের মধ্যে রয়েছেন টাওরা গ্রামের মৃত সুর্যত আলীর ছেলে মোঃ আব্দুল কাদের, বর্ণি গ্রামের সাত্তার সরদারের ছেলে কামাল হোসেন, এবং মজিদ সরদারের দুই ছেলে জোনাব আলী সরদার ও কাওসার আলী সরদার।
জহিরুল ইসলাম নামের আরেক কৃষক বলেন, “ধার-দেনা করে আড়াই লাখ টাকা খরচ করে গত বছর একটি সেচপাম্প চালু করেছিলাম। এখনো সেই দেনা শোধ হয়নি। এর মধ্যে ট্রান্সফরমার চুরি হওয়ায় আমি বড় ক্ষতির মুখে পড়েছি।”
স্থানীয়দের অভিযোগ, বিদ্যুৎ ব্যবস্থাপনার দুর্বলতা এবং পর্যাপ্ত নজরদারির অভাবেই বারবার এ ধরনের চুরির ঘটনা ঘটছে। শুধু গত দুই মাসেই ঝিকরগাছা উপজেলায় প্রায় ৪০টি ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন তারা।
এ ঘটনায় শুক্রবার (২২ আগস্ট) ঝিকরগাছা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এ বিষয়ে ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, “অভিযোগ পেয়েছি, বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।”
এদিকে যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর জেনারেল ম্যানেজার বলেন, “ট্রান্সফরমার চুরি রোধে সবাইকে সচেতন হতে হবে। পাশাপাশি এলাকাভিত্তিক নিরাপত্তা জোরদার এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল বাড়ানো জরুরি।” তিনি সতর্ক করে বলেন, “এ অবস্থা অব্যাহত থাকলে আগামী সেচ মৌসুমে কৃষি উৎপাদনে বড় ধরনের সংকট দেখা দিতে পারে।”

