রাসেল আহমেদ, খুলনা প্রতিনিধি
খুলনা মহানগরীতে সেনাবাহিনীর অভিযানে পাঁচজনকে আটক করা হয়েছে। শুক্রবার (২২ আগস্ট)রাত সাড়ে ৯টার দিকে নগরীর শেখপাড়া এলাকার আগাখান স্কুলের পেছন থেকে তাঁদের আটক করা হয়।
সেনাবাহিনীর একটি দল মাদক ও অস্ত্র উদ্ধারের লক্ষ্যে ওই এলাকায় অভিযান চালায়। অভিযানে একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।
পরে আটক পাঁচজনকে খুলনার সোনাডাঙ্গা থানায় হস্তান্তর করা হয়।
সোনাডাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) খালিদ নবধারাকে বলেন, ‘সেনাবাহিনীর অভিযানে পাঁচজনকে আটক করা হয়েছে। তাঁদের কাছ থেকে একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। রাতে তাঁদের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।’ আটক ব্যক্তিদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
স্থানীয়দের ভাষ্য, এলাকায় সম্প্রতি মাদক এবং সন্ত্রাসী কর্মকাণ্ড বেড়ে গেছে। এ কারণে ওই এলাকায় নিরাপত্তাবাহিনীর নজরদারি বাড়ানো হয়েছে।

