কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
বাংলাদেশ স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী বলেছেন, “আমরা একটি স্বাধীনতা যুদ্ধের মধ্য দিয়ে লক্ষ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে বাংলাদেশ নামক একটি স্বাধীন ভূখণ্ড অর্জন করেছি। এই দেশের প্রতিটি নাগরিক—হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, মং, চাকমা, পাহাড়ি-সমতল—সবাই এক ও অভিন্ন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সংবিধানে যে ঐক্যবদ্ধ পরিচয়ের কথা বলেছিলেন তা আজও প্রাসঙ্গিক—আমরা সবাই বাংলাদেশী, এর বাইরে আমাদের আর কোনো পরিচয় নেই।”
শনিবার (২৩ আগস্ট) সন্ধ্যায় গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার পারকোনা শ্রীশ্রী গঁণেশ পাগল সেবাশ্রমে সনাতন ধর্মাবলম্বীদের আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, “আমরা কখনো কাউকে সংখ্যালঘু হিসেবে দেখি না। আমি প্রতিহিংসার রাজনীতি করি না। সেবার মনোভাব নিয়েই সারাদেশে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছি। আমি আপনাদের সন্তান, সুখে-দুঃখে সবসময় আপনাদের পাশে থাকতে চাই।”
সভায় সভাপতিত্ব করেন সেবাশ্রম কমিটির সভাপতি মাইকেল হিরোহিত বিশ্বাস। এ সময় আরও বক্তব্য রাখেন প্রফেসর কার্তিক চন্দ্র বিশ্বাস, উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার, পৌর বিএনপির সভাপতি ইউসুফ আলী দাড়িয়া এবং সাধারণ সম্পাদক ওয়ালিউর রহমান হাওলাদার।
আলোচনা সভা শেষে এস এম জিলানী শ্রীশ্রী গঁণেশ পাগল সেবাশ্রম পরিদর্শন করেন এবং ভক্তদের সঙ্গে বসে প্রসাদ গ্রহণ করেন।

