নাজিম বকাউল, ফরিদপুর
ফরিদপুরের মধুখালী উপজেলায় র্যাব ও সেনাবাহিনীর যৌথ অভিযানে একটি পাকিস্তানি রিভলভার, তিন রাউন্ড তাজা গুলি এবং একটি ব্যবহৃত কার্তুজ জব্দ করা হয়েছে।
শনিবার (২৩ আগস্ট) বিকেলে র্যাব-১০ এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার গভীর রাতে মধুখালী উপজেলার দেলমোহারপুর গ্রামে এই অভিযান পরিচালিত হয়। অভিযানটি পরিচালনা করে র্যাব-১০ এবং সেনাবাহিনীর একটি বিশেষ দল।
র্যাব জানায়, অভিযানের সময় ইব্রাহীম খান নামের এক ব্যক্তির বাগানের নির্জন ও পরিত্যক্ত অংশে তল্লাশি চালিয়ে ওই অস্ত্র ও গুলি জব্দ করা হয়।
র্যাব-১০ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার বলেন, “অবৈধ অস্ত্র উদ্ধারে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষার স্বার্থে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।”
উদ্ধারকৃত অস্ত্র ও গুলি সংক্রান্ত আলামত পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য মধুখালী থানায় হস্তান্তর করা হয়েছে।

