Nabadhara
ঢাকারবিবার , ২৪ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ের প্রথম ধাপ উদ্বোধন, খুললো ১৮ কিলোমিটারের নতুন দিগন্ত

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
আগস্ট ২৪, ২০২৫ ৩:২০ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর

দেশের অন্যতম ব্যস্ত সড়ক নেটওয়ার্কে যুক্ত হলো নতুন এক যুগান্তকারী সংযোগ—ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ের প্রথম ধাপের ১৮ কিলোমিটার অংশ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। রোববার (২৪ আগস্ট) সকাল ১১টায় এক্সপ্রেসওয়ের ভোগড়া বাইপাস অংশে এ প্রকল্পের উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

উদ্বোধনী আয়োজনে আরও উপস্থিত ছিলেন ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মো. এহসানুল হক, সওজের প্রধান প্রকৌশলী সৈয়দ মঈনুল হাসান, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ড. নাজমুল করিম খান, গাজীপুর জেলা প্রশাসক নাফিসা আরেফিন, এবং স্থানীয় প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা।

প্রসঙ্গত, ভোগড়া বাইপাস থেকে মদনপুর পর্যন্ত ৪৮ কিলোমিটার দীর্ঘ ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ের নির্মাণকাজ শুরু হয় ২০২২ সালের মে মাসে। এখন পর্যন্ত প্রকল্পের প্রায় ৮০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে এবং সম্পূর্ণ প্রকল্প ২০২৬ সালের জুন মাসের মধ্যে শেষ হবে বলে আশা করা হচ্ছে।

এই এক্সপ্রেসওয়ের উদ্বোধিত ১৮ কিলোমিটার অংশে আংশিক টোল আদায় শুরু হয়েছে। নিরাপত্তা ও গতিবিধি নিয়ন্ত্রণে রাখতে এই সড়কে সিএনজি অটোরিকশা ও মোটরসাইকেল চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। একইসঙ্গে, এই অংশে কোনো ইউটার্ন রাখা হয়নি। যানবাহনের ধরন অনুযায়ী পৃথক টোল নির্ধারণ করা হয়েছে।

যানজট কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা:

এক্সপ্রেসওয়ে কর্তৃপক্ষ জানায়, আংশিক চালুর ফলে রাজধানীর আশপাশে যানজট অনেকাংশে হ্রাস পাবে। পণ্য পরিবহন হবে আরও দ্রুত, সাশ্রয়ী ও কার্যকর। বর্তমানে প্রতিদিন গড়ে ১০ হাজার যানবাহন ঢাকা বাইপাস সড়ক ব্যবহার করে, যার ৬০ শতাংশই পণ্যবাহী ট্রাক ও ট্রেইলার। পুরো এক্সপ্রেসওয়ে চালু হলে এই সংখ্যা বহুগুণে বাড়বে।

বিশেষজ্ঞরা বলছেন, এই এক্সপ্রেসওয়ে ঢাকার ওপর দিয়ে যাতায়াত করা উত্তরবঙ্গগামী যানবাহনের জন্য বিকল্প রুট হিসেবে কাজ করবে। ফলে ঢাকা শহরের যানজট অনেকটাই প্রশমিত হবে, সময় ও জ্বালানি সাশ্রয় হবে এবং দুর্ঘটনার ঝুঁকি কমবে।

অর্থনৈতিক উন্নয়নে নতুন দিগন্ত:

অর্থনীতিবিদদের মতে, এই এক্সপ্রেসওয়ে শুধু যোগাযোগ ব্যবস্থা উন্নত করবে না; বরং শিল্পায়ন ত্বরান্বিত করবে, কর্মসংস্থান সৃষ্টি করবে এবং দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে পূর্বাচল এক্সপ্রেসওয়ের সঙ্গে কাঞ্চন ইন্টারচেঞ্জের মাধ্যমে যুক্ত হবে। এতে মিরপুর, উত্তরা, মহাখালীসহ রাজধানীর উত্তরাংশ থেকে সিলেট ও চট্টগ্রাম অভিমুখে যানবাহনের জন্য আরও দ্রুত রুট তৈরি হবে। ফলে যাত্রাবাড়ীসহ ঢাকার মূল প্রবেশমুখগুলোর ওপর চাপ কমবে, বিশেষ করে ঈদের মতো গুরুত্বপূর্ণ সময়ে যানজট মোকাবিলায় তা কার্যকর ভূমিকা রাখবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।