কালীগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় উপজেলা প্রশাসন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে এবং দুর্নীতি দমন কমিশনের (দুদক) খুলনা সমন্বিত কার্যালয়ের সহযোগিতায় দুর্নীতি বিরোধী বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার, ২৭ আগস্ট সকাল ১০টায় সরকারি কালিগঞ্জ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত প্রতিযোগিতার দ্বিতীয় রাউন্ডে অংশগ্রহণকারী শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে উত্তেজনাপূর্ণ বিতর্ক অনুষ্ঠিত হয়।
দ্বিতীয় রাউন্ডে ধুলিয়াপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয় নলতা বালিকা বিদ্যালয়কে, সরকারি কালিগঞ্জ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় তারালি মাধ্যমিক বিদ্যালয়কে এবং শ্রীকলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয় কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়কে পরাজিত করে সেমিফাইনালে উন্নীত হয়। অন্যদিকে ডাক্তার মুজিব রুবি মডেল মাধ্যমিক বিদ্যালয় ওয়াকওভার পেয়ে সেমিফাইনালে জায়গা করে নেয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোস্তফা আক্তারুজ্জামান পল্টু এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু। উদ্বোধনী বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস।
“দুর্নীতির মূল কারণ আইনের শাসনের অভাব” বিষয়ক বিতর্ক প্রতিযোগিতায় মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেন সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস। বিচারক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শংকর কুমার দে, সিনিয়র মৎস্য কর্মকর্তা তৌকীর আহমেদ, যুব উন্নয়ন কর্মকর্তা এস.এম. আকরাম হোসেন এবং উপজেলা আইসিটি কর্মকর্তা হেমন্দ্রনাথ মন্ডল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জয়নাল আবেদীন, কালিগঞ্জ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রদেশ কুমার মল্লিক, দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি অ্যাডভোকেট জাফরউল্লাহ ইব্রাহিম ও সৈয়দ মাহমুদুর রহমান এবং সহকারী প্রধান শিক্ষক গোপাল চন্দ্র গাইন।
একই দিনে দুর্নীতি বিরোধী রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতাও অনুষ্ঠিত হয়।
আগামী ২ সেপ্টেম্বর সকাল ৯টায় উপজেলা পরিষদ অডিটরিয়ামে বিতর্ক প্রতিযোগিতার সেমিফাইনাল, ফাইনাল এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, গত ২৪ ও ২৫ আগস্ট উপজেলার ১৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের অংশগ্রহণে বিতর্ক প্রতিযোগিতার প্রথম রাউন্ড অনুষ্ঠিত হয়।

