রাসেল আহমেদ,খুলনা প্রতিনিধি
খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মিজানুর রহমান মিজানকে খুলনা জেলা কারাগারের সামনে থেকে পুনরায় গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (২৭ আগস্ট) রাতে কারাগার থেকে মুক্তি পাওয়ার পরপরই তাকে আটক করা হয়।
তবে কোন মামলায় তাকে আবারও গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে গোয়েন্দা পুলিশের কোনো কর্মকর্তা নির্দিষ্টভাবে কিছু জানাতে পারেননি।
খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার মো. আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, “কারাগারের সামনে থেকে তাকে আমরা আটক করেছি। তবে এখনো নিশ্চিত করে বলতে পারছি না, কোন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।”
এর আগে খুলনা জেলা কারাগারের জেলার মুনীর হুসাইন জানান, “আদালত থেকে প্রাপ্ত জামিনের সব কাগজপত্র যাচাই-বাছাই শেষে রাতে তাকে মুক্তি দেওয়া হয়। এরপর কারাগারের সামনেই তাকে গোয়েন্দা পুলিশ আটক করে নিয়ে যায়।”
কারা সূত্রে জানা গেছে, সাবেক এই এমপির বিরুদ্ধে খুলনার বিভিন্ন থানায় চারটি মামলা রয়েছে। পাশাপাশি, দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-৩ চলতি বছরের ৩০ জানুয়ারি তাকে ৮ বছরের কারাদণ্ড দেন।
রায় ঘোষণার পর মিজানুর রহমান কাশিমপুর কারাগারে ছিলেন। চলতি বছরের ২৩ মে তাকে কাশিমপুর থেকে খুলনা জেলা কারাগারে আনা হয়।
পারিবারিক সূত্রে জানা গেছে, কারাগার থেকে মুক্তির সংবাদ পাওয়ার পরপরই পরিবারের সদস্যরা কারা ফটকে পৌঁছান। কিন্তু মুক্তির আনন্দ দীর্ঘস্থায়ী হয়নি। ডিবি পুলিশের হাতে গ্রেপ্তারের বিষয়টি জানার পর তারা ছুটে যান গোয়েন্দা কার্যালয়ের সামনে।
উল্লেখ্য, গত বছরের ২৮ জুলাই বিএনপির একদফা আন্দোলনের সময় খুলনা মহানগর বিএনপির সভাপতি শফিকুল আলম মনার বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় দায়ের হওয়া একটি মামলায় গত ২৯ মে মিজানুর রহমানকে গ্রেপ্তার দেখানো হয়েছিল।
তবে কারা ফটকে মুক্তি পাওয়ার পরপরই কেন এবং কোন মামলায় তাকে আবারও গ্রেপ্তার করা হলো—এ নিয়ে রহস্য তৈরি হয়েছে। এ বিষয়ে গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি।

