হুমায়ুন কবির মিরাজ, বেনাপোল প্রতিনিধি
ভালো কাজের প্রলোভনে পাচারের শিকার হয়ে ভারতে দীর্ঘ কারাভোগের পর অবশেষে দেশে ফিরলেন ১৭ বাংলাদেশি নারী ও শিশু। বুধবার (২৭ আগস্ট) বিকেলে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনে ভারতীয় বিএসএফ ও পুলিশের আনুষ্ঠানিক হস্তান্তরের মাধ্যমে তারা স্বদেশে ফেরেন।
ফেরত আসাদের মধ্যে ১০ জন নারী ও ৭ জন শিশু রয়েছে। তারা ভারতের মুম্বাই ও পশ্চিমবঙ্গসহ বিভিন্ন প্রদেশে দুই থেকে ১২ বছর পর্যন্ত কারাভোগ করেছেন।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ওসি ইলিয়াস হোসেন জানান, গত ২ থেকে ১২ বছর আগে বিভিন্ন সীমান্ত পথে পাচারের শিকার হয়ে ভারতে যান এরা। আটক হওয়ার পর তাদের দীর্ঘ কারাভোগের পাশাপাশি বিভিন্ন শেল্টারহোমে রাখা হয়। অবশেষে দুই দেশের স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে দেশে ফেরার সুযোগ পেলেন তারা।
ফেরত আসাদের বাড়ি খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, কুষ্টিয়া, হবিগঞ্জ, গোপালগঞ্জ ও চাঁপাইনবাবগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায়। দীর্ঘ বছর পর প্রিয়জনের কাছে ফেরার সুযোগ পেয়ে তাদের চোখে ছিল স্বস্তি ও অশ্রুভেজা আনন্দ।
প্রাথমিকভাবে ফেরত আসাদের পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। পরবর্তী সময়ে আইনগত প্রক্রিয়া সম্পন্ন হলে তাদের বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতি, রাইটস যশোর এবং জাস্টিস অ্যান্ড কেয়ারের কাছে পাঠানো হবে, যেখানে তারা পুনর্বাসন ও আইনি সহায়তা পাবেন।

