Nabadhara
ঢাকাশুক্রবার , ২৯ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

বেনাপোলে কসাই মিজানকে জবাই করে হত্যা

বেনাপোলে কসাই মিজানকে জবাই করে হত্যা
আগস্ট ২৯, ২০২৫ ১১:২১ পূর্বাহ্ণ
Link Copied!

হুমায়ন কবির মিরাজ, বেনাপোল প্রতিনিধি

যশোরের বেনাপোল পৌরসভার ছোট আঁচড়া গ্রামে মিজানুর রহমান (৪২) নামে এক কসাইকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (২৯ আগস্ট) ভোররাতে নিজ বাড়ির উঠানে তাকে নৃশংসভাবে হত্যা করা হয়। নিহত মিজানুর রহমান ওই গ্রামের মৃত হানিফ সরদারের ছেলে। তিনি পেশায় গরু ব্যবসায়ী ছিলেন এবং প্রতি শুক্রবার কসাইয়ের কাজ করতেন।

পরিবারের সদস্যরা জানান, রাত আনুমানিক আড়াইটার দিকে এক ভ্যানচালক মিজানুরকে ডাকতে বাড়ির গেটে আসেন। গেটের সামনে ডাকাডাকির পরও কোনো সাড়া না পেয়ে পরিবারের সদস্যরা বাইরে বের হন। এরপর উঠানে রক্তাক্ত অবস্থায় মিজানুরের নিথর দেহ পড়ে থাকতে দেখেন। তার গলায় ধারালো অস্ত্রের কোপের চিহ্ন ছিল।

চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে ঘটনাটি দেখতে পান। মুহূর্তেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

এলাকাবাসী মো. ইউনুস আলী বলেন, “মিজান একজন সৎ ও নিরীহ মানুষ ছিলেন। কারও সঙ্গে তার শত্রুতা ছিল বলে জানি না। এভাবে তাকে খুন করা আমাদের জন্য খুবই রহস্যজনক। আমরা দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচার দাবি করছি।”

খবর পেয়ে বেনাপোল পোর্ট থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে পাঠায় ময়নাতদন্তের জন্য।

বেনাপোল পোর্ট থানার এসআই রাসেদ জানান, “ঘটনার খবর পেয়ে রাত ৪টার দিকে আমরা লাশ উদ্ধার করি। মরদেহে ধারালো অস্ত্রের আঘাত ছিল। ঘটনাস্থল থেকে একটি ধারালো চাকু জব্দ করা হয়েছে।”

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাসেল মিয়া বলেন, “এটি পরিকল্পিত হত্যাকাণ্ড কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। ইতোমধ্যে কিছু ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। খুব শিগগিরই হত্যার কারণ ও জড়িতদের শনাক্ত করা সম্ভব হবে বলে আশা করছি।”

নৃশংস এ হত্যাকাণ্ডে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুলিশ জানিয়েছে, বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।