রাসেল আহমেদ,খুলনা প্রতিনিধি
তারুণ্যের উৎসব উপলক্ষে আয়োজিত জাতীয় কাবাডি (পুরুষ ও নারী) চ্যাম্পিয়নশিপে বিজয়ী রুপসা জোনের খেলোয়াড়দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন যুক্তরাজ্য বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব পারভেজ মল্লিক। বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাতে খুলনায় তিনি বিজয়ী দলের সঙ্গে এই সাক্ষাৎ করেন।
নিজ এলাকার খেলোয়াড়দের সাফল্যে সন্তোষ প্রকাশ করে পারভেজ মল্লিক বলেন, খেলোয়াড়দের এই অর্জন নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। তিনি ক্রীড়াঙ্গনের সার্বিক উন্নয়নে পাশে থাকার এবং প্রয়োজনীয় সহায়তা প্রদানের আশ্বাস দেন।
সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন কাবাডি লীগে চ্যাম্পিয়ন খুলনা জেলার সেরা রেইডার মো. সুমন শেখ, সেরা কেসার মো. আশরাফুল ইসলাম, অধিনায়ক মো. আবুল কাশেম, কোচ মো. শাহআলম এবং ম্যানেজার মো. আ. সালাম।
জাতীয় কাবাডি চ্যাম্পিয়নশিপে রুপসা জোনের এই সাফল্য খুলনার ক্রীড়াঙ্গনে নতুন মাত্রা যোগ করেছে। স্থানীয় পর্যায়ে এমন অর্জন ভবিষ্যৎ খেলোয়াড়দের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে উঠবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

