কুষ্টিয়া প্রতিনিধি
“সাবধানে চালাব গাড়ি, নিরাপদে ফিরবো বাড়ি” প্রতিপাদ্যকে সামনে রেখে কুষ্টিয়ায় পথসভা ও লিফলেট বিতরণ করেছে নিরাপদ সড়ক চাই (নিসচা) কুষ্টিয়া জেলা শাখা। শনিবার (৩০ আগস্ট) সকাল ১১টার দিকে শহরের মজমপুর গেটে ট্রাফিক অফিসের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিসচা কুষ্টিয়া জেলা শাখার সভাপতি নুরুন্নবী বাবু এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শাহারিয়া ইমন রুবেল। প্রধান অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা ও বিজ্ঞ স্পেশাল পিপি অ্যাডভোকেট শামিম উল হাসান অপু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপদেষ্টা আবু বকর সিদ্দিক ও প্রতিষ্ঠাতা সভাপতি কে এম জাহিদ। এছাড়া আরও উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি জাহাঙ্গীর হাফিজ লালু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এস এম আতাউল গনি উসমান, অর্থ সম্পাদক অঞ্জন কৃষ্ণশীল শুভ, সাংগঠনিক সম্পাদক আবু মনি সাকলাইন এলিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
পথসভায় বক্তারা বলেন, প্রতিদিনই সড়ক দুর্ঘটনায় অসংখ্য প্রাণহানি ঘটছে, যা একেকটি পরিবারকে নিঃস্ব করে দিচ্ছে। দুর্ঘটনা প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি ও সরকারি-বেসরকারি পদক্ষেপই একমাত্র কার্যকর উপায়। সবাই সচেতন হলে সড়ক হবে নিরাপদ, প্রাণ বাঁচবে শত শত।
এসময় “সাবধানে চালাব গাড়ি, নিরাপদে ফিরবো বাড়ি” স্লোগান সম্বলিত লিফলেট বিতরণ করা হয়। লিফলেটে বলা হয়—
ট্রাফিক আইন মানুন, জীবন সুরক্ষিত রাখুন।
দ্রুতগতি নয়, নিরাপত্তাই হোক অগ্রাধিকার।
হেলমেট ও সিটবেল্ট ব্যবহার করুন।
মোবাইল নয়, চোখ রাখুন সড়কে।
মাদকাসক্ত চালক দুর্ঘটনার মূল কারণ।
জেব্রা ক্রসিংয়ে পথচারী পারাপারের সুযোগ দিন।
বক্তারা সকলকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বলেন, “অবহেলা নয়, সচেতনতাই জীবন রক্ষার পথ।”

