ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার মোকারিমপুর ইউনিয়নের গোলাপনগর বাজারে গৃহবধূ মোছাঃ অনিতা (২৮) হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্থানীয় গ্রামবাসী। আজ শনিবার বিকেলে অনুষ্ঠিত এ কর্মসূচিতে শতশত নারী-পুরুষ অংশগ্রহণ করেন।
নিহত অনিতা গোলাপনগর মধ্য পাড়ার বাসিন্দা ফাইন সরদারের কনিষ্ঠ কন্যা। অভিযুক্ত স্বামী আশিক (৩০) একই গ্রামের বাসিন্দা এবং মানিক মিয়ার জ্যেষ্ঠ পুত্র। প্রায় ৮ বছর আগে প্রেমের সম্পর্কের মাধ্যমে তাদের বিয়ে হয়। তাদের ঘরে আব্দুর রহমান নামে ৫ বছর বয়সী একটি ছেলে রয়েছে।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, আশিক গাজীপুরের আশুলিয়ার জামগড়ায় একটি গার্মেন্টসে চাকরি করতেন। সম্প্রতি তিনি পরকীয়ায় জড়িয়ে পড়েন, এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহ বাড়তে থাকে। প্রায়ই অনিতাকে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন আশিক। একপর্যায়ে দুই পরিবারের সমঝোতায় অনিতা স্বামীর কাছে চলে যান এবং জামগড়ায় গিয়ে বসবাস শুরু করেন। ছেলে আব্দুর রহমানকে দাদা বাড়িতে রেখে যান তিনি।
নিহতের দুই বোন দিথি ও সানি জানান, আশিকের পরকীয়া নিয়ে প্রতিবাদ করায় অনিতাকে নিয়মিত নির্যাতন করা হতো। শেষ পর্যন্ত অনিতাকে পরিকল্পিতভাবে হত্যা করে মরদেহ ঝুলিয়ে রাখে বলে অভিযোগ তাদের।
নিহতের চাচা জহাব আলী বলেন, “আমার ভাতিজি অনিতাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। আশিকসহ কয়েকজন মিলে তাকে হত্যা করে আত্মহত্যা বলে চালাতে চেয়েছে। আমরা থানায় মামলা করেছি, কিন্তু এখনো আশিক প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।”
বক্তারা বলেন, “আমাদের মেয়ে আজ কবরে, আর হত্যাকারীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। প্রশাসন যদি দ্রুত ব্যবস্থা না নেয়, তাহলে পুরো গোলাপনগরের মানুষ আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।”
মানববন্ধনে অংশগ্রহণকারীরা অনিতা হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

