Nabadhara
ঢাকারবিবার , ৩০ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

খুলনায় আদালত চত্বরে জোড়া খুন: নিহতরা শীর্ষ সন্ত্রাসী পলাশ গ্রুপের সহযোগী

রাসেল আহমেদ,খুলনা প্রতিনিধি
নভেম্বর ৩০, ২০২৫ ৭:৪১ অপরাহ্ণ
Link Copied!

রাসেল আহমেদ,খুলনা প্রতিনিধি

খুলনায় জেলা ও দায়রা জজ আদালতের প্রধান ফটকের সামনের সড়কে রোববার দুপুরে সংঘবদ্ধ সন্ত্রাসী হামলায় দুই যুবক নিহত হয়েছেন। নিহতরা হলেন হাসিব হাওলাদার (৪০) ও ফজলে রাব্বি রাজন (৩৫)। পুলিশের প্রাথমিক ধারণা, তাদের মৃত্যু আধিপত্য বিস্তার ও সংঘবদ্ধ সন্ত্রাসী গ্রুপের দ্বন্দ্বের ফল।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, রোববার দুপুর সাড়ে বারটার দিকে হাসিব ও রাজন আদালতে হাজিরা দিয়ে বের হওয়ার পর প্রধান ফটকের পাশে কথা বলছিলেন।

হঠাৎই চার-পাঁচটি মোটরসাইকেলে করে ছয়জন যুবক এসে তাদের ঘিরে ফেলে। কয়েকজন হামলাকারীর হাতে ছিল অস্ত্র। তারা মাথা লক্ষ্য করে গুলি চালিয়ে এবং ধারালো অস্ত্র দিয়ে কোপাতে থাকে। ঘটনাস্থলেই হাসিবের মৃত্যু হয়, আর ফজলে রাব্বি রাজনকে হাসপাতালে নেওয়ার পথে জীবন হারান।

প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীরা মোটরসাইকেলের সঙ্গে একটি কালো রঙের মাইক্রোবাসে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এ সময় আদালতপাড়া আতঙ্কিত হয়ে উঠে। বিভিন্ন মামলার হাজিরার জন্য আদালতে উপস্থিত আইনজীবী ও সাধারণ মানুষ দিগ্‌বিদিক ছুটে নিরাপদ আশ্রয় নেন।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা শামীম হাসান বলেন, নিহতদের শরীরে গুলি ও কোপের আঘাত রয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

পুলিশ জানিয়েছে, নিহতরা খুলনার শীর্ষ সন্ত্রাসী পলাশ গ্রুপের সক্রিয় সদস্য ছিলেন। বিভিন্ন মামলার আসামি এই দুই যুবক। হত্যাকাণ্ডের পর সিআইডি, গোয়েন্দা সংস্থা, ডিবি ও পিবিআইয়ের টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং আলামত সংগ্রহ করেছে।

খুলনা মহানগর পুলিশের সহকারী কমিশনার ত ম রোকনুজ্জামান বলেন, “এটি একটি পরিকল্পিত ও সংঘবদ্ধ হামলা। আধিপত্য বিস্তার ও সন্ত্রাসী দ্বন্দ্বের সঙ্গে এই হত্যাকাণ্ডের যোগ থাকার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না।”

ঘটনার প্রভাব পড়েছে আদালতপাড়ায়। মুহূর্তের মধ্যে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ায় জনজীবন ভেঙে পড়েছে। স্থানীয়রা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।