হুমায়ন কবির মিরাজ, বেনাপোল:
যশোরের শার্শায় অবৈধভাবে মাটি কাটার অভিযোগে শহিদুল ইসলাম বাবলুকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) দুপুর দিকে উপজেলার নিজামপুর ইউনিয়নের বড় বসন্তপুর এলাকায় এ অভিযান পরিচালনা করেন শার্শা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. নিয়াজ মাখদুম।
উপজেলা প্রশাসন জানায়, বড় বসন্তপুর মৌজায় মাছের ঘের কাটার উদ্দেশ্যে অবৈধভাবে মাটি কাটার পাশাপাশি পার্শ্ববর্তী ইটের সলিং রাস্তা ঘেরের বাঁধ হিসেবে ব্যবহার করা হচ্ছিল। বালু ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫ ধারার আওতায় এই অনিয়মের প্রমাণ পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত অভিযুক্তকে অর্থদণ্ড করে। ঘটনাস্থলেই জরিমানার অর্থ আদায় করা হয়।
অভিযান চলাকালে শার্শা থানা পুলিশের একটি টিম এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে শার্শা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. নিয়াজ মাখদুম বলেন, আইন অমান্য করে মাটি কাটা বা সরকারি রাস্তা ক্ষতিগ্রস্তকারী যেকোনো ব্যক্তি বা চক্রের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।

