কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি
দায়িত্ব অবহেলার কারণে মাদারীপুরের কালকিনি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের কেন্দ্র সচিব শ্যামা প্রসাদ পাল মিন্টু, হল সুপার মোঃ নাসির উদ্দীন, সহকারী শিক্ষক দিলীপ বৈরাগী ও সহকারী শিক্ষক ইজাজুল হকসহ চারজন শিক্ষককে তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে প্রশাসন।
আজ বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফ উল আরেফীন।
দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া শ্যামা প্রসাদ পাল মিন্টু কালকিনি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও একই কেন্দ্রের কেন্দ্র সচিবের দায়িত্বে ছিলেন।
মোঃ নাসির উদ্দীন উপজেলার গোপালপুর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও একই কেন্দ্রের হল সুপারের দায়িত্বে ছিলেন।
দিলীপ বৈরাগী কালিনগর ফাসিয়াতলা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও কক্ষ পরিদর্শকের দায়িত্বে ছিলেন এবং ইজাজুল হক ক্রোকিরচর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও কক্ষ পরিদর্শকের দায়িত্বে ছিলেন।
গত মঙ্গলবার চলতি বছরের এসএসসি পরীক্ষার বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের পরীক্ষার দিন পরীক্ষার্থীদের মাঝে প্রশ্ন বিতরণে অনিয়মের অভিযোগে তাদের সবাইকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার সাইফ উল আরেফীন বলেন, প্রশ্ন বিতরণে অনিয়ম করায় চারজন শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

