নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
গাজীপুরের টঙ্গীস্থ শারীরিক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্টের ‘মৈত্রী শিল্প’ মিলনায়তনে বৃহস্পতিবার এক বিশেষ পুনর্বাসন ও ক্ষমতায়ন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এ কর্মসূচির আওতায় ৫৯ জন প্রতিবন্ধী ব্যক্তিকে বিভিন্ন সহায়তা ও চাকরির সুযোগ প্রদান করা হয়।
অনুষ্ঠানে ১৯ জনকে কৃত্রিম পা, ৬ জনকে সাদাছড়ি এবং প্রশিক্ষণপ্রাপ্ত ৩৪ জন প্রতিবন্ধী ব্যক্তিকে বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরির নিয়োগপত্র প্রদান করা হয়।
সমাজকল্যাণ সচিব ড. মো. আবু ইউসুফ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক শাহ মোহাম্মদ মাহবুব। এছাড়া গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া, অতিরিক্ত জেলা প্রশাসক শাহরিয়ার নজিরসহ সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জানানো হয়, নিয়োগপ্রাপ্ত প্রতিবন্ধী ব্যক্তিদের আগে ‘মৈত্রী শিল্প’-এর মাধ্যমে বিভিন্ন কারিগরি ট্রেডে প্রশিক্ষণ দিয়ে দক্ষ ও কর্মোপযোগী করে গড়ে তোলা হয়েছে।
জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া প্রশিক্ষণার্থীদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন এবং তাদের দক্ষতায় সন্তোষ প্রকাশ করেন। তিনি কম্পিউটার প্রশিক্ষণার্থীদের জন্য ভবিষ্যতে বিনামূল্যে প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহের আশ্বাস দেন।
এ সময় তিনি প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন এবং সরকারি সুযোগ-সুবিধা তাদের দোরগোড়ায় পৌঁছে দিতে প্রশাসনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। অনুষ্ঠান শেষে উপকারভোগীরা তাদের বিভিন্ন দাবি-দাওয়া ও অভাব-অভিযোগ তুলে ধরেন।

