ফরিদপুর প্রতিনিধি
মাদকমুক্ত প্রজন্ম গড়ে তুলতে ক্রীড়ার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
শনিবার বিকেলে ফরিদপুর স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানের শুরুতে বেলুন ও পায়রা উড়িয়ে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
প্রতিমন্ত্রী বলেন, “নতুন কুঁড়ি স্পোর্টসই আমাদের শিশু-কিশোরদের মাদক থেকে দূরে রেখে একটি সুস্থ ও সুন্দর ভবিষ্যতের পথে এগিয়ে নেবে।” তিনি আরও বলেন, ক্রীড়া ও সংস্কৃতির মাধ্যমে বিশ্ব দরবারে বাংলাদেশের পরিচিতি আরও উজ্জ্বল করা সম্ভব।
তিনি দাবি করেন, বিএনপি সরকার ক্রীড়া ও সংস্কৃতিকে এগিয়ে নিতে ‘স্পোর্টস এবং কালচার উইং’ চালু করেছে, যা আন্তর্জাতিক অঙ্গনে ক্রীড়া কূটনীতি জোরদারে ভূমিকা রাখবে।
শামা ওবায়েদ ইসলাম বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৮ সালে ‘নতুন কুঁড়ি’ কার্যক্রম শুরু করেছিলেন, যা শিশু-কিশোরদের সঠিক পথে গড়ে উঠতে ভূমিকা রাখবে।
তিনি আরও জানান, দেশের ১০টি বিভাগের শিশু-কিশোররা এ প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। ফরিদপুরকে ভালো অবস্থানে নিয়ে যেতে পারলে বিশেষ পুরস্কারের ঘোষণাও দেন তিনি।
অনুষ্ঠানে জেলা ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা, বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

