ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুর সদর উপজেলার ১ নম্বর ঈশান গোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ শহীদুল ইসলাম মজনুকে সাময়িকভাবে বরখাস্ত করেছে সরকার। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলার আসামি হওয়ায় তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেশকাতুল জান্নাত রাবেয়া বিষয়টি নিশ্চিত করে জানান, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে বরখাস্তের নোটিশ জারি করা হয়েছে। নোটিশে আগামী ১০ কার্যদিবসের মধ্যে কেন তাকে স্থায়ীভাবে অপসারণ করা হবে না—তার জবাব দিতে বলা হয়েছে। তিনি জেলা প্রশাসকের মাধ্যমে এর জবাব দেবেন, পরবর্তীতে মন্ত্রণালয় প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে।
তিনি আরও জানান, চেয়ারম্যান সাময়িক বরখাস্ত থাকায় প্যানেল সদস্য ইউনিয়ন পরিষদের দৈনন্দিন কার্যক্রম পরিচালনা করবেন। পাশাপাশি প্রশাসনিক ও আর্থিক দায়িত্ব যথাযথভাবে হস্তান্তরের নির্দেশনা দেওয়া হয়েছে।
উল্লেখ্য, শহীদুল ইসলাম মজনু টানা দুই মেয়াদ ধরে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তার বিরুদ্ধে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-এর দায়ের করা প্রায় দুই হাজার কোটি টাকা অর্থ পাচারের মামলাসহ একাধিক মামলা রয়েছে। এছাড়া ২০২২ সালে অবৈধ অস্ত্রসহ আটক এবং পৃথক ঘটনায় গ্রেপ্তার হওয়ার ঘটনাও রয়েছে। তার বিরুদ্ধে নানা অভিযোগে অতীতে এলাকাবাসী একাধিকবার মানববন্ধন কর্মসূচি পালন করেন।

