মো. হাসিবুল আলম,সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
টাঙ্গাইলের সখীপুর উপজেলায় শাকিল (২৫) নামে এক রড মিস্ত্রির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (৩ মে) উপজেলার দেবরাজ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শাকিল দিনাজপুর জেলার খানসামা উপজেলার আংগারপাড়া গ্রামের জিয়াউর ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ১০ দিন আগে শাকিল রড মিস্ত্রির কাজ করতে সখীপুরে আসেন। তিনি দেবরাজ গ্রামের একটি বাড়িতে অন্যান্য শ্রমিকদের সঙ্গে ভাড়া থাকতেন।
সহকর্মী ফোরম্যান রাজিব জানান, বেলা সাড়ে ১২টার দিকে শাকিল ঘরের চাবি নিয়ে ভেতরে প্রবেশ করেন। পরে বেলা দেড়টার দিকে অন্য শ্রমিকরা খাবার খেতে এসে তাকে ঘরের ভেতর ঝুলন্ত অবস্থায় দেখতে পান। এরপর বিষয়টি পুলিশকে জানানো হয়।
শ্রমিকদের ভাষ্য অনুযায়ী, কাজে আসার পর থেকেই পারিবারিক বিষয় নিয়ে শাকিলের সঙ্গে তার স্ত্রীর মাঝে মাঝে বিরোধ চলছিল।
বাড়ির মালিক স্থানীয় ব্যবসায়ী মতিউর রহমান বকুল জানান, শ্রমিকরা কয়েকদিন ধরে তার বাড়ির একটি কক্ষে ভাড়া থাকছিলেন।
সখীপুর থানার উপপরিদর্শক (এসআই) মোশারফ হোসেন বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

