কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি
চাঁদপুরের কচুয়া থানা পুলিশের পৃথক অভিযানে ৮৮ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০০ গ্রাম গাঁজাসহ ৮ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গত ৩ মে ও ৪ মে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
থানা সূত্রে জানা যায়, এসআই মো. নাজমুল ইসলাম ও সঙ্গীয় ফোর্স নিয়ে বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে চিহ্নিত মাদক ব্যবসায়ী সিংআড্ডা গ্রামের মো. এমরান খান (৩০) ও মো. ইমন মজুমদারকে (২৬) ৬৯ পিস ইয়াবাসহ আটক করা হয়।
অন্যদিকে, এসআই মো. সাইফুল ইসলাম বরুচর এলাকায় অভিযান চালিয়ে ১০০ গ্রাম গাঁজাসহ আঃ মান্নান মিয়াজী (৪৪) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেন। এছাড়া পলাশপুর এলাকায় এসআই মো. রুবেল সরকারের অভিযানে ৪ পিস ইয়াবাসহ মো. ছাব্বির হোসেন (২২) ও মো. শাওন (২২) নামের দুই যুবককে গ্রেপ্তার করা হয়।
সাচার এলাকায় এসআই সাজ্জাদ হোসেনের নেতৃত্বে পরিচালিত অভিযানে ১৫ পিস ইয়াবাসহ আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন— মেহেদী হাসান (২৭), কুমিল্লা মুরাদনগরের আল মামুন (৩০) ও মো. আনোয়ার হোসেন (৩১)।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় কচুয়া থানায় পৃথক ৪টি মামলা (মামলা নং- ০৫, ০৬, ০৭ ও ০৮) রুজু করা হয়েছে।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আজিজুল ইসলাম জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামীদের আজ যথাযথ পুলিশ পাহারায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। উপজেলাজুড়ে পুলিশের এই বিশেষ মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

