নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীতে ছাত্রদলের নবঘোষিত কমিটি ঘিরে তীব্র অসন্তোষের জেরে বিক্ষোভ মিছিল, সড়ক অবরোধ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। একই সঙ্গে কমিটি বাতিলের দাবিতে ১০ জন নেতা পদত্যাগের ঘোষণা দিয়েছেন।
সোমবার (৪ মে) দুপুরে নোয়াখালী জেলা জামে মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করেন পদবঞ্চিত ছাত্রদল নেতাকর্মীরা। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মাইজদী টাউন হল মোড়ে গিয়ে সড়ক অবরোধ করে। এ সময় তারা টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করলে সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
বিক্ষোভ সমাবেশে বক্তারা অভিযোগ করেন, ত্যাগী ও রাজপথের কর্মীদের বাদ দিয়ে ব্যক্তিগত অনুসারীদের দিয়ে ‘পকেট কমিটি’ গঠন করা হয়েছে। এতে প্রকৃত নেতাকর্মীরা বঞ্চিত হয়েছেন এবং তৃণমূল পর্যায়ে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।
নোয়াখালী পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক মোহাম্মদ ওয়াসিম বলেন, “যোগ্য ও পরীক্ষিত কর্মীদের মূল্যায়ন না করে অযোগ্যদের পদ দেওয়া হয়েছে।” সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ চৌধুরী বাবু অভিযোগ করে বলেন, “ছাত্রদলের ইতিহাসে এমন বিতর্কিত কমিটি আগে হয়নি।”
বিক্ষুব্ধ নেতারা কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীনের বিরুদ্ধে আওয়ামী লীগ ঘনিষ্ঠতার অভিযোগ তুলে বলেন, তিনি দলকে ক্ষতিগ্রস্ত করছেন। তারা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হস্তক্ষেপ কামনা করে দ্রুত কমিটি বাতিলের দাবি জানান। অন্যথায় হরতালসহ কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন।
তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন জেলা ছাত্রদলের সভাপতি এনবিএস রাসেল। তিনি বলেন, “সবাইকে একসঙ্গে পদ দেওয়া সম্ভব নয়। যোগ্যতা ও সাংগঠনিক বিবেচনায় কমিটি গঠন করা হয়েছে।”
এ বিষয়ে কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীনের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
বিক্ষোভ শেষে নোয়াখালী প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে জেলা ছাত্রদলের সহ-সভাপতি সাহেদ চৌধুরী বাবু, তারেক নূর, ইয়াসিন আরাফাতসহ ১০ জন নেতা পদত্যাগের ঘোষণা দেন। এ সময় আরও উপস্থিত ছিলেন ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

