ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চান্দা ইউনিয়নে আড়িয়াল খাঁ নদের ওপর নির্মাণাধীন ৩১৫ মিটার দীর্ঘ পিসি গার্ডার ব্রিজ এখন শেষ পর্যায়ে। প্রায় ৬১ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই ব্রিজ চালু হলে দীর্ঘদিনের ভোগান্তি থেকে মুক্তি পাবে চারটি ইউনিয়নের মানুষ।
ব্রিজটির অবস্থান ভাঙ্গা, সদরপুর ও শিবচর উপজেলার সংযোগস্থলে। এটি চালু হলে তিন উপজেলার মধ্যে যাতায়াত আরও সহজ ও দ্রুত হবে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ব্রিজ না থাকায় দীর্ঘদিন ধরে এলাকাবাসীকে প্রায় ১০ কিলোমিটার পথ ঘুরে গন্তব্যে যেতে হতো। ব্রিজটি চালু হলে সেই দূরত্ব কমে প্রায় ১ কিলোমিটারে নেমে আসবে। এতে সময় ও খরচ—দুটিই কমবে।
এলাকায় প্রায় ১৫ হাজার মানুষের বসবাস। বিশেষ করে কৃষকরা এই ব্রিজের সুফল বেশি ভোগ করবেন। কৃষিপণ্য দ্রুত বাজারজাত করা সম্ভব হবে, ফলে তাদের আয়ও বাড়বে বলে আশা করা হচ্ছে।
নদীপাড়ের বাসিন্দারা জানান, এটি তাদের বহুদিনের স্বপ্নের প্রকল্প। ব্রিজ চালু হলে শিক্ষা, চিকিৎসা ও ব্যবসা-বাণিজ্যে নতুন গতি আসবে।
ভাঙ্গা উপজেলা প্রকৌশলী মো. মালিক নাজমুল হাসান জানান, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর অধীনে ব্রিজটির নির্মাণ কাজ দ্রুত এগিয়ে চলছে। তিনি বলেন, “নির্বাহী প্রকৌশলী আজাহারুল ইসলামের তত্ত্বাবধানে এবং প্রকল্প পরিচালকের নির্দেশনায় কাজের মান নিশ্চিত করা হচ্ছে। আশা করছি, চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই কাজ শেষ হবে।”
প্রকল্পের কনসালটেন্ট মেহেদী হাসান বাপ্পি বলেন, “৩১৫ মিটার দীর্ঘ এই ব্রিজটি বাস্তবায়িত হলে এলাকার আর্থ-সামাজিক উন্নয়নে বড় ভূমিকা রাখবে এবং যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন আনবে।”
এলজিইডির নির্বাহী প্রকৌশলী আজাহারুল ইসলাম জানান, নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে ঠিকাদারি প্রতিষ্ঠানকে তাগিদ দেওয়া হয়েছে। ডিসেম্বরের মধ্যেই ব্রিজটি জনগণের জন্য উন্মুক্ত করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

