ফেনী প্রতিনিধি
ফেনীতে র্যাব-৭ এর পৃথক অভিযানে ১৬ বস্তা গাঁজা ও বিপুল পরিমাণ শুল্কবিহীন ভারতীয় ঔষধ উদ্ধার করা হয়েছে। অভিযানে দুইজন চোরাকারবারিকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (৪ মে) রাতে র্যাব-৭, ফেনী ক্যাম্পের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।
প্রথম অভিযানে ফেনী সদর থানাধীন মহিপাল স্টার লাইন বাস কাউন্টারের (চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক) এলাকায় পরিত্যক্ত অবস্থায় ১৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। র্যাব জানায়, এর আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ ৭৫ হাজার টাকা।
পরবর্তী অভিযানে ফেনী সদর থানাধীন পলিটেকনিক ইনস্টিটিউট সংলগ্ন এলাকা থেকে বিপুল পরিমাণ শুল্কবিহীন ভারতীয় ঔষধ এবং একটি সিএনজি অটোরিকশা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ঔষধের আনুমানিক মূল্য প্রায় ৩ লাখ টাকা বলে জানিয়েছে র্যাব।
এ ঘটনায় মো. শাহ আলম (৫০) ও মো. কামরুল ইসলাম (৩২) নামে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত শাহ আলম ফেনী সদর উপজেলার ফলেশ্বর গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে এবং কামরুল ইসলাম ছাগলনাইয়া উপজেলার বাসিন্দা।
র্যাব-৭ ফেনী ক্যাম্পের সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

