বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের বকশীগঞ্জে পরীক্ষা কেন্দ্রে নকল করার দৃশ্য সিসি ক্যামেরায় ধরা পড়ে বহিষ্কার হয়েছেন এক দাখিল পরীক্ষার্থী।
মঙ্গলবার (৫ মে) দুপুরে হাসিনা গাজী বালিকা উচ্চ বিদ্যালয় ভেন্যু কেন্দ্রে এই ঘটনা ঘটে। বহিষ্কৃত পরীক্ষার্থীর নাম বৃষ্টি আক্তার। সে আইরমারী দাখিল মাদরাসার শিক্ষার্থী ছিল।
বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দ্র সচিব রফিকুল ইসলাম।
জানা গেছে, মঙ্গলবার খয়ের উদ্দিন ফাজিল মাদরাসা কেন্দ্রের ভেন্যু কেন্দ্র হাসিনা গাজী বালিকা উচ্চ বিদ্যালয়ে ইংরেজি প্রথম পত্র পরীক্ষা চলছিল। পরীক্ষা চলাকালীন সময়ে নকল করা শুরু করেন বৃষ্টি আক্তার।
ওই পরীক্ষার্থীর নকল করার দৃশ্য সিসি ক্যামেরায় ধরা পড়লে উপজেলা আইসিটি কর্মকর্তা খায়রুল বাশার উপজেলা নির্বাহী অফিসার মুরাদ হোসেনকে অবগত করেন।
ইউএনও তাৎক্ষণিকভাবে পরীক্ষার কেন্দ্র সচিব রফিকুল ইসলামকে ওই পরীক্ষার্থীকে বহিষ্কারের নির্দেশ দেন এবং তাকে বহিষ্কার করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মুরাদ হোসেন জানান, কোন পরীক্ষা কেন্দ্রে নকল করে পার পেয়ে যাওয়ার সুযোগ নেই। নকল বা অসদাচরণ করলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।

