চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় দীর্ঘদিনের জায়গা-জমি সংক্রান্ত বিরোধের জেরে এক বৃদ্ধ দম্পতিকে মারধর ও গুরুতর আহত করার অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (৭ মে) সকালে উপজেলার কেশুয়া এলাকার এসপি দেলোয়ারের বাড়ির সামনে এ ঘটনা ঘটে বলে জানা যায়। পরে আহত দম্পতিকে স্থানীয়রা উদ্ধার করে চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এ ঘটনায় ভুক্তভোগী সাইফুল ইসলাম (৪১) বাদী হয়ে চন্দনাইশ থানায় ১০ জনের নাম উল্লেখসহ একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযুক্তদের মধ্যে রয়েছেন একই এলাকার আবদুল মান্নানের ছেলে মঞ্জুর মিয়া (৩২), মো. মিয়া (২৫), এয়ার মোহাম্মদের ছেলে শাহজাহান (৩০), মোস্তাফিজের ছেলে মানিক (২৮), বেট্টা মিয়ার ছেলে মো. সেলিম (৫০), কালু মিয়ার ছেলে বেলাল (৫২), আবদুল গফুরের ছেলে আল আমিন (২২), মুনাফের ছেলে ছিনু (৪৫), মঞ্জুর মিয়ার স্ত্রী টুম্পা (৩০) ও সিরাজের ছেলে সৈয়দ নুর (৪৬)।
অভিযোগ সূত্রে জানা যায়, মুরশীদীয় সাড়ে ১ গন্ডা জমি নিয়ে দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে একাধিকবার মীমাংসার চেষ্টা করা হলেও কোনো সমাধান হয়নি।
অভিযোগে আরও বলা হয়, বিবাদীপক্ষ মাঝেমধ্যে বাদীপক্ষকে হুমকি ও শারীরিক-মানসিক নির্যাতন করে আসছিল। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকালে ১৫-২০ জন ভাড়াটে লোক নিয়ে জমি দখল করতে গেলে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে কথা কাটাকাটির পর বৃদ্ধ দম্পতিকে মারধর করে গুরুতর জখম করা হয়।
চন্দনাইশ থানার ডিউটি অফিসার এএসআই তৌহিদুর রহমান জানান, অভিযোগটি গ্রহণ করে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

