স্টাফ রিপোর্টার, নড়াইল
নড়াইলের লোহাগড়া পৌরসভার আলা মুনসীর মোড়ে দশ বছর বয়সি মানসিক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে আসামি আকতার খানকে (৫৫) গ্রেফতার করেছে র্যাব-৬।
বৃহস্পতিবার (৭ মে) বিকেল ৫টার দিকে র্যাব-৬, সিপিসি-৩ ও ভাটিয়াপাড়া ক্যাম্পের সদস্যরা ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার পানাইল গ্রাম থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আকতার খান লোহাগড়া উপজেলার জয়পুর ইউনিয়নের আড়িয়ারা গ্রামের বাসিন্দা এবং স্থানীয় কাঠ ব্যবসায়ী।
র্যাব সূত্র জানায়, র্যাব-৬ এর কোম্পানি কমান্ডার মেজর ফজলে রাব্বী প্রিন্সের নেতৃত্বে একটি টিম তথ্য-প্রযুক্তির সহায়তায় আসামিকে তার মেয়ের বাড়ি থেকে গ্রেফতার করে। পরে তাকে ভাটিয়াপাড়া ক্যাম্পে নিয়ে জিজ্ঞাসাবাদের পর লোহাগড়া থানায় হস্তান্তর করা হয়।
উল্লেখ্য, গত ২ মে দুপুরে আকতার খান ওই প্রতিবন্ধী শিশুকে তার দোকানের ভিতর ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন বলে অভিযোগ উঠে। ঘটনার পর গত ৪ মে শিশুটির বাবা বাদী হয়ে লোহাগড়া থানায় ধর্ষণ মামলা দায়ের করেন।
লোহাগড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় জানান, র্যাবের কর্মকর্তারা আসামিকে গ্রেফতার করে থানায় হস্তান্তর করেছেন।
র্যাব-৬ যশোরের কোম্পানি কমান্ডার মেজর ফজলে রাব্বী প্রিন্স ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

