শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি
শরণখোলায় ইন্টিগ্রেটেড চিকিৎসক মো. মাহমুদুল হাসানের বিরুদ্ধে বিভিন্ন গণমাধ্যমে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগ এনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৭ মে) দুপুরে শরণখোলা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন চিকিৎসক মো. মাহমুদুল হাসান।
তিনি জানান, গত ৪ মে বাগেরহাট জেলা সদর থেকে কয়েকজন সাংবাদিক পরিচয়ে ব্যক্তি—যাদের মধ্যে রুহুল আমীন দুলাল, ডিবিসি টেলিভিশনের প্রতিনিধি সৈকত মন্ডল, মাইটিভির প্রতিনিধি রিফাত আল মাহমুদ, গ্রীন টিভির প্রতিনিধি মেহেদি হাসান এবং ৭১ টেলিভিশনের পরিচয়দানকারী সাগর মন্ডলসহ কয়েকজন—শরণখোলা উপজেলার রায়েন্দা বাজারের পাঁচ রাস্তার মোড়ে বাবুল মার্কেটে অবস্থিত তার চেম্বারে যান।
তিনি বলেন, তারা তার পেশাগত কার্যক্রমের বৈধতার প্রমাণ জানতে চান। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। এরপর ওই ব্যক্তিরা চিকিৎসা কার্যক্রম পরিচালনার জন্য তাদের সঙ্গে “বোঝাপড়া” করতে হবে বলে দাবি করেন এবং এক লাখ টাকা চাঁদা দাবি করেন বলে তিনি অভিযোগ করেন।
চিকিৎসক মাহমুদুল হাসান আরও বলেন, এ সময় তারা তার চেম্বারের গুরুত্বপূর্ণ কাগজপত্র তছনছ করেন এবং চেম্বার বন্ধ করে দেওয়ার হুমকি দেন। ঘটনার সময় দুইজন অশালীন আচরণও করেন বলে তিনি অভিযোগ করেন।
তিনি জানান, স্থানীয় লোকজন ঘটনাস্থলে এগিয়ে এলে তারা সেখান থেকে চলে যান। পরবর্তীতে সংশ্লিষ্ট ব্যক্তিরা নিজেদের সাংবাদিক পরিচয় ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু ইলেকট্রনিক মাধ্যমে মনগড়া ও ভিত্তিহীন তথ্য প্রচার করেছে বলে তিনি দাবি করেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন স্থানীয়রা ও সংশ্লিষ্টরা।

