আমিনুল ইসলাম, দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি
রাজশাহীর পুঠিয়া উপজেলার শিলমাড়িয়া ইউনিয়নের ভরতমাড়িয়া গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি টিনশেড বসতবাড়ি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে ঘরের আসবাবপত্রের পাশাপাশি পুড়ে মারা যায় সাতটি ছাগল। স্থানীয় সূত্রে জানা গেছে, ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় তিন লক্ষ টাকা।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার (০৮ মে ২০২৬) ভোররাত আনুমানিক সাড়ে চারটার দিকে জনৈক মোঃ গোলাম মোস্তফার বাড়িতে হঠাৎ আগুন লাগে। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে গোয়ালঘর ও পাশের টিনশেড বসতবাড়িগুলিতে। আগুন দেখতে পেয়ে গ্রামের মানুষ ছুটে এসে নিজেদের উদ্যোগে আগুন নেভানোর চেষ্টা শুরু করেন। খবর পেয়ে পুঠিয়া ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
তবে ততক্ষণে গোলাম মোস্তফার তিনটি টিনশেড বাড়ি, ঘরের প্রয়োজনীয় মালপত্র এবং সাতটি ছাগল সম্পূর্ণ পুড়ে যায়। প্রাথমিকভাবে স্থানীয়দের ধারণা, ঘরে জ্বালানো মশার কয়েল থেকেই আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। যদিও অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গেছে।
ক্ষতিগ্রস্ত মোঃ গোলাম মোস্তফা ভরতমাড়িয়া গ্রামের মৃত মাদারক প্রামাণিকের ছেলে। আকস্মিক এই অগ্নিকাণ্ডে পরিবারটি চরম দুর্দশার মধ্যে পড়েছে। এলাকাবাসী প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারকে দ্রুত সহায়তা দেওয়ার দাবি জানিয়েছেন।

