মাঈন উদ্দিন সরকার রয়েল, কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি
নেত্রকোণার কেন্দুয়ায় পৃথক ও বিশেষ অভিযানে ১২০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার করেছে কেন্দুয়া থানা পুলিশ।
শনিবার (৯ মে) সকাল সাড়ে ১টার দিকে কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মেহেদী মাকসুদ মুঠোফোনে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে শুক্রবার (৮ মে) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে ২০ পিস ইয়াবাসহ লুৎফুর রহমান (৩১)-কে গ্রেফতার করা হয়। তিনি পাইকুড়া ইউনিয়নের রাজনগর দক্ষিণপাড়া গ্রামের আব্দুস ছাত্তার ভূঞার ছেলে। পাইকুড়া বাজারে তার ‘লুৎফুর ইলেকট্রনিকস’ দোকানের সামনে থেকে তাকে আটক করে পেমই তদন্ত কেন্দ্রের এসআই মোহাম্মদ বাবুল মিঞার নেতৃত্বাধীন পুলিশ দল।
অন্যদিকে একই রাতে আনুমানিক ১২টা ৩০ মিনিটে পেমই তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও এসআই মো. শফিউল আলমের নেতৃত্বে অভিযান চালিয়ে ১০ পিস ইয়াবাসহ মো. জুয়েল মিয়া (৪০)-কে গ্রেফতার করা হয়। তিনি রোয়াইলবাড়ি আমতলা ইউনিয়নের কান্দিপাড়া গ্রামের আঞ্জু মিয়ার ছেলে।
অফিসার ইনচার্জ (ওসি) মো. মেহেদী মাকসুদ জানান, এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মাদক নিয়ন্ত্রণে পুলিশ জিরো টলারেন্স নীতিতে কাজ করে যাচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

