কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
পেশাগত মর্যাদা রক্ষা, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত এবং মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের প্রতি নেতিবাচক দৃষ্টিভঙ্গি বন্ধের দাবিতে কিশোরগঞ্জের কুলিয়ারচরে প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ এসোসিয়েশন (ফারিয়া) আয়োজিত এ কর্মসূচি কেন্দ্রীয় ঘোষণার অংশ হিসেবে সারাদেশের মতো একযোগে পালিত হয়।
সোমবার (১১ মে) সকালে আল রাজ্জাক ডিজিটাল হাসপাতাল প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন ওষুধ কোম্পানির মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা অংশ নেন।
বক্তারা বলেন, দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও অনেক সময় তারা অবমূল্যায়ন, অসম্মানজনক আচরণ ও অনিরাপদ কর্মপরিবেশের শিকার হন।
তারা আরও বলেন, মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের “দালাল” হিসেবে আখ্যায়িত না করে তাদের শিক্ষিত ও প্রশিক্ষিত পেশাজীবী হিসেবে মূল্যায়ন করতে হবে। একই সঙ্গে হাসপাতাল ও চিকিৎসা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে তাদের জন্য নিরাপদ ও সম্মানজনক কর্মপরিবেশ নিশ্চিত করার দাবি জানান।
বক্তারা ওষুধ শিল্প ও স্বাস্থ্যখাতে তাদের ভূমিকার গুরুত্ব তুলে ধরে বলেন, নানা সীমাবদ্ধতা ও হয়রানির কারণে তারা পেশাগতভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এ অবস্থার পরিবর্তনে দ্রুত কার্যকর নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়নের আহ্বান জানান তারা।
কর্মসূচিতে ফারিয়া কুলিয়ারচর শাখার নেতৃবৃন্দসহ স্থানীয় বিভিন্ন ফার্মাসিউটিক্যাল কোম্পানির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা ঐক্যবদ্ধভাবে স্লোগান দেন এবং পেশাগত অধিকার আদায়ে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

