মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জের মিরকাদীম পৌরসভার কমলাঘাট এলাকায় ইছামতী খালের অংশ দখল করে স্থায়ী স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতার বিরুদ্ধে। এক সময়ের স্রোতবাহী খালটির প্রায় ৭০ শতাংশ দখল করে দুটি স্থানে আরসি ঢালাই দিয়ে স্থাপনা তৈরির কাজ চলছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
অভিযোগ অনুযায়ী, মিরকাদীম পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মিজানুর রহমান মিজান তিলার্দী চরের তালুকদার মিলের সামনে খালের প্রায় ১০ শতক জায়গা দখল করে দুটি স্থানে নির্মাণকাজ করাচ্ছেন। কয়েক বছর আগেও এ খালে বড় বড় বাণিজ্যিক মালবাহী নৌকা ও যাত্রীবাহী লঞ্চ চলাচল করত। কিন্তু দীর্ঘদিন ধরে খালের চারপাশ দখল হওয়ায় এটি এখন অস্তিত্ব সংকটে। স্থানীয়দের দাবি, প্রায় দুই মাস ধরে দিনের বেলায় খালের মাঝে দেয়াল নির্মাণ ও ঢালাইয়ের কাজ চলছে।
স্থানীয় বাসিন্দারা বলছেন, গত ২৩ এপ্রিল রিকাবী বাজার ভূমি অফিস ও মিরকাদীম পৌরসভার কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করলেও কোনো ব্যবস্থা নেননি। তারা অভিযোগ করেন, স্থানীয় নাসির ভান্ডারীর মাধ্যমে বিএনপি নেতা মিজানুর রহমান খালের জায়গা দখল করছেন এবং প্রশাসনকে ম্যানেজ করে কাজ চালিয়ে যাচ্ছেন।
সোমবার সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, খালের মাঝে জেগে ওঠা জায়গায় প্রায় ১০ জন শ্রমিক দেয়াল নির্মাণ ও ঢালাইয়ের কাজ করছেন। শ্রমিকরা জানান, তারা আসাদ নামে এক কন্টাক্টর ও শাহিন নামে এক ফোরম্যানের অধীনে কাজ করছেন। তবে মালিকের নাম বা মোবাইল নম্বর দিতে তারা অস্বীকৃতি জানান। এ সময় মাইনউদ্দিন মানিক চাঁন নামে এক ব্যক্তি নিজেকে তত্ত্বাবধায়ক হিসেবে পরিচয় দিয়ে বলেন, এখানে বিএনপি নেতা মিজানুর রহমান গরুর খামার করছেন এবং এটি তার পৈতৃক সম্পত্তি।
এ বিষয়ে বিএনপি নেতা মিজানুর রহমান বলেন, এটি তার পৈতৃক সম্পত্তি। তিনি সার্ভেয়ার দিয়ে মেপে কাগজপত্র দেখে কাজ করছেন।
এ বিষয়ে মুন্সীগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. মাসুদুর রহমান জানান, খাল দখলের বিষয়ে একটি অভিযোগ পাওয়া গেছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কাজ বন্ধ রাখতে বলা হয়েছে। তবে তারা কাজ চালিয়ে যাওয়ায় আবার সরেজমিনে লোক পাঠিয়ে যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে রিকাবী বাজার ভূমি অফিসের কর্মকর্তার কাছে গেলে তাকে পাওয়া যায়নি।

