ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক নার্সেস দিবস-২০২৬ পালিত হয়েছে। মঙ্গলবার সকালে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে এ উপলক্ষে একটি র্যালি বের করা হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্সিং কর্মকর্তাদের উদ্যোগে আয়োজিত র্যালিতে অংশ নেন নার্স ও স্বাস্থ্যকর্মীরা। তারা দিবসটির তাৎপর্য তুলে ধরে বিভিন্ন স্লোগান দেন। র্যালির ব্যানারে আধুনিক নার্সিংয়ের প্রবর্তক ফ্লোরেন্স নাইটিঙ্গেলের ছবি এবং এবারের বৈশ্বিক প্রতিপাদ্য “Our Nurses. Our Future.” গুরুত্বসহকারে প্রদর্শিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাকির হোসাইন, নার্সিং সুপারভাইজার নুরুন্নাহার বেগম, নার্সিং ইনচার্জ সামসুন্নাহার লিপি, সিনিয়র স্টাফ নার্স মো. আসাদুল হক ও মো. সাদেক মিয়া।
এছাড়া স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন পর্যায়ের নার্সিং কর্মকর্তা ও কর্মচারীরাও র্যালিতে অংশ নেন।
বক্তারা বলেন, আধুনিক স্বাস্থ্যসেবা ব্যবস্থায় নার্সদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রোগীর সেবা, যত্ন ও চিকিৎসা সহায়তায় নার্সরা প্রতিদিন অগ্রণী ভূমিকা পালন করছেন। তাই তাদের পেশাগত দক্ষতা ও সম্মান নিশ্চিত করা সময়ের দাবি।
অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীরা নার্সদের পেশাগত মর্যাদা ও উন্নয়ন নিশ্চিত করার আহ্বান জানান।

