ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুর সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের বড় মাধবপুর নতুন বাজার এলাকায় ছেলে-মেয়ের পারিবারিক ঘটনাকে কেন্দ্র করে নিরীহ পরিবারের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা ও গ্রেপ্তারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১২ মে) বিকেলে এলাকাবাসী ও সচেতন নাগরিকদের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা অবিলম্বে মোহাম্মদ জিয়া মল্লিকের নিঃশর্ত মুক্তি এবং তার বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানান।
এ সময় ভুক্তভোগী পরিবার ও স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, একটি পারিবারিক ঘটনাকে কেন্দ্র করে জিয়া মল্লিকের পরিবার ও আত্মীয়-স্বজনকে হয়রানি করা হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মোহাম্মদ জিয়া মল্লিকের ছেলে জিহাদ মল্লিক এবং রাশেদুল ইসলাম মিঠুর মেয়ে মুক্তা আক্তারের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। পরে তারা বাড়ি ছেড়ে চলে যান। এ ঘটনায় মুক্তা আক্তারের মা সাফিয়া বেগম মামলা দায়ের করলে পুলিশ জিহাদ মল্লিকের বাবা মোহাম্মদ জিয়া মল্লিককে গ্রেপ্তার করে।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, ছেলে-মেয়ের ব্যক্তিগত সিদ্ধান্তের দায় পরিবারের অন্য সদস্যদের ওপর চাপিয়ে দেওয়া অন্যায়। তারা দাবি করেন, জিয়া মল্লিক নির্দোষ এবং তাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে হয়রানি করা হচ্ছে।
মানববন্ধনে এলাকাবাসী প্রশাসনের কাছে বিষয়টি সুষ্ঠু তদন্তের মাধ্যমে দ্রুত মোহাম্মদ জিয়া মল্লিকের মুক্তি নিশ্চিত করার আহ্বান জানান। এসময় অংশগ্রহণকারীরা বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার দাবি জানান।

