মোহাম্মদ হাবিবুল্লাহ, খালিয়াজুড়ি (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনার হাওরাঞ্চল খালিয়াজুড়ি উপজেলার গাজীপুর ইউনিয়নের পাঁচহাট গ্রামের এক কিশোর নিখোঁজের পাঁচ দিন পর ধেনু নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।
পারিবারিক সূত্রে জানা যায়, সাবেক মেম্বার আব্দুর রাজ্জাকের ১২ বছর বয়সী ছেলে মো. আরিফ মিয়া ইটনা উপজেলার ধনপুর গ্রামের হাওর এলাকায় চাচাতো ভাইদের সঙ্গে একটি হাঁসের ফার্মে বসবাস করছিল। গত ১১ মে ভোররাতে তাকে ওই স্থান থেকে ডেকে নিয়ে যাওয়া হয় বলে পরিবারের দাবি। এরপর থেকেই সে নিখোঁজ ছিল।
নিখোঁজের পর ১২ মে পরিবারের পক্ষ থেকে খালিয়াজুড়ি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়, যার নম্বর ৩৮৩।
পরবর্তীতে শনিবার (১৬ মে) বিকেল আনুমানিক ৩টার দিকে ধনপুর গ্রামের পাশে কালিরচর এলাকায় ধেনু নদী থেকে আরিফের মরদেহ উদ্ধার করা হয়। খবর পেয়ে খালিয়াজুড়ি থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং মরদেহ উদ্ধার কার্যক্রম সম্পন্ন করে।
নিহত শিশুটির বাবা মো. আব্দুর রাজ্জাক অভিযোগ করে বলেন, পূর্বপরিকল্পিতভাবে তার ছেলেকে ডেকে নিয়ে যাওয়া হয়েছিল এবং এর পেছনে একই এলাকার দুই ব্যক্তির সম্পৃক্ততা থাকতে পারে বলে তিনি সন্দেহ প্রকাশ করেন। তবে তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন।
এ বিষয়ে গাজীপুর ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি মো. আব্দুর রউফ স্বাধীন বলেন, “এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। আমরা ঘটনার তীব্র নিন্দা জানাই এবং দ্রুত তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।”
খালিয়াজুড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দীন বলেন, “নিখোঁজের পর থেকেই পুলিশ বিষয়টি তদন্ত করছিল। শনিবার ধেনু নদী থেকে মরদেহ উদ্ধারের পর ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।”
ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। ময়নাতদন্তসহ প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

