পঞ্চগড় প্রতিনিধি
“জনবান্ধব অটোমেটেড ও নিরাপদ ভূমি, স্মার্ট নাগরিক সেবা” প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে “ভূমিসেবা মেলা-২০২৬”।
এ উপলক্ষে রবিবার (১৭ মে) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়।
প্রেস কনফারেন্সে জানানো হয়, ভূমি সংক্রান্ত সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া এবং ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা সম্পর্কে জনগণকে সচেতন করাই এ মেলার মূল উদ্দেশ্য। মেলায় নামজারি, খতিয়ান, ভূমি উন্নয়ন কর, ই-নামজারি, অনলাইন আবেদনসহ বিভিন্ন সেবা সম্পর্কে তথ্য ও সহায়তা প্রদান করা হবে।
আয়োজকরা আরও জানান, ভূমিসেবাকে আরও সহজ, স্বচ্ছ ও জনবান্ধব করতে সরকার নিরলসভাবে কাজ করছে। মেলার মাধ্যমে সাধারণ মানুষ সরাসরি বিভিন্ন ভূমিসেবা গ্রহণ ও তথ্য জানতে পারবেন।
জেলা প্রশাসন পঞ্চগড়ের আয়োজনে এবং ভূমি মন্ত্রণালয়ের সহযোগিতায় এ মেলা বাস্তবায়িত হচ্ছে।
প্রেস কনফারেন্সে অতিরিক্ত জেলা প্রশাসক শীমা সারমিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা সুলতানা এবং স্থানীয় গণমাধ্যমকর্মীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

