এ কে মিলন, সুনামগঞ্জ প্রতিনিধি
(১৯ মে ২০২৬): সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার মেরুয়াখলা মমিনিয়া ফাজিল মাদ্রাসায় ১ কোটি ২৫ লক্ষ টাকা ব্যয়ে নির্মাণাধীন নতুন একাডেমিক ভবনের কাজ তিন ব্যক্তির বাধায় পুরোপুরি বন্ধ হয়ে গেছে। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর কর্তৃক যথাযথ নিয়ম মেনে ভবনের লে-আউট দেওয়ার পরও এই স্থবিরতা তৈরি হওয়ায় স্থানীয় শিক্ষক ও সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
জানা গেছে, কার্যাদেশ পাওয়ার পর ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ শুরু করতে গেলে পার্শ্ববর্তী জমির মালিক আব্দুল কাদির, আলী আহম্মদ ও সফর আলী বাধা প্রদান করেন। তাদের দাবি, লে-আউটের স্থানে তাদের ব্যক্তিগত জমির সীমানা রয়েছে। এই বাধার কারণে ঠিকাদার প্রতিষ্ঠান বর্তমানে ভবনের নির্মাণ কাজ এগিয়ে নিতে পারছে না।
মাদ্রাসা ম্যানেজিং কমিটির সভাপতি ড. মাহবুবুর রহমান এই ঘটনায় দুঃখ প্রকাশ করে জানান, আলোচনার মাধ্যমে বিষয়টি দ্রুত সমাধানের চেষ্টা চলছে।
অন্যদিকে, জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. কামরুজ্জামান বলেন, ”আমরা সব ধরণের নিয়ম ও পরিমাপ মেনেই সরেজমিনে ভবনের লে-আউট দিয়েছিলাম। সরকারি কাজে এমন প্রতিবন্ধকতা কাম্য নয়। বিষয়টি খতিয়ে দেখে দ্রুত আইনি বা প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।” মাদ্রাসার উন্নয়নমূলক কাজ এভাবে আটকে থাকায় স্থানীয় এলাকাবাসী চরম অসন্তোষ প্রকাশ করেছেন।
তারা এই জটিলতা নিরসনে এবং মাদ্রাসার নির্মাণ কাজ নির্বিঘ্নে সম্পন্ন করতে সুনামগঞ্জ-৪ আসনের মাননীয় সংসদ সদস্য (এমপি) অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল এবং স্থানীয় প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

