ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় করতোয়া নদীর তীরে ডাব্বু (পাশা) জুয়ার আসরে অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১৮ মে) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে বুলাকিপুর ইউনিয়নের সালিকাদহ ঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—শালিকাদহের রবিউল ইসলাম (৩৩), চন্ডিদাসপুরের রেজাউল করিম (৩৫), দুজনই ঘোড়াঘাট উপজেলার বাসিন্দা। এছাড়া রংপুরের পীরগঞ্জ উপজেলার জুনুদেপাড়ার আবেদ আলী (৬০) এবং ঠাকুরদাস লক্ষ্মীপুর এলাকার সাদিকুল ইসলাম (৩৫)।
পুলিশ সূত্রে জানা যায়, নদীর নিরিবিলি ওই এলাকায় দীর্ঘদিন ধরে গোপনে ডাব্বুর আসর বসে আসছিল। সেখানে বিভিন্ন এলাকার লোকজন জড়ো হয়ে জুয়া খেলায় অংশ নিত এবং টাকা-পয়সা লেনদেন করত।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে ঘটনাস্থল থেকে চারজনকে হাতেনাতে আটক করা হয়। এ সময় আরও কয়েকজন পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ।
অভিযানকালে ঘটনাস্থল থেকে তিনটি ডাব্বু, ১৮টি ফরগুটি ও একটি ফরদি জব্দ করা হয়।
ওসি শহিদুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় অজ্ঞাত আরও ৮–১০ জনকে আসামি করে মামলা করা হয়েছে। গ্রেপ্তারদের আদালতে পাঠানো হবে।

