স্টাফ রিপোর্টার, নড়াইল
নড়াইলে ‘ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বুধবার (২০ মে) সকালে নড়াইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয় প্রাঙ্গণে জাতীয় ও ফায়ার সার্ভিসের পতাকা উত্তোলনের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নড়াইলের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) লিংকন বিশ্বাস জাতীয় ও ফায়ার সার্ভিসের পতাকা উত্তোলন করেন। পরে তিনি জনসচেতনতা বাড়াতে আয়োজিত র্যালির উদ্বোধন করেন।
পতাকা উত্তোলন শেষে একটি বর্ণাঢ্য জনসচেতনতা মূলক শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ফায়ার সার্ভিস কার্যালয়ে এসে শেষ হয়।
নড়াইল ফায়ার স্টেশনের উপ-সহকারী পরিচালক মো. আফসার উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা আনসার কমান্ড্যান্ট শাহীদুল ইসলাম, নড়াইল স্টেশন অফিসার শেখ দেলোয়ার হোসেন এবং স্টেশন লিডার শামসুজ্জামানসহ অন্যান্য অতিথিরা।
এডিএম লিংকন বিশ্বাস বলেন, অগ্নিকাণ্ডসহ যেকোনো প্রাকৃতিক দুর্যোগে ফায়ার সার্ভিসের সদস্যরা জীবনের ঝুঁকি নিয়ে মানুষের জানমাল রক্ষা করে থাকেন। তবে দুর্যোগ মোকাবিলায় সাধারণ মানুষের সচেতনতা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।
ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আফসার উদ্দিন জানান, তিন দিনব্যাপী এ কর্মসূচিতে জেলার বিভিন্ন এলাকায় অগ্নিকাণ্ড প্রতিরোধ ও সচেতনতামূলক লিফলেট বিতরণ, প্রচার-প্রচারণা এবং মহড়াসহ নানা জনকল্যাণমুখী কার্যক্রম পরিচালনা করা হবে।

