খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি
বিশুদ্ধ জাতের ব্ল্যাক বেঙ্গল ছাগল ও দেশীয় ভেড়া সংরক্ষণ ও সম্প্রসারণ প্রকল্পের আওতায় কুষ্টিয়ার খোকসা উপজেলায় খামারিদের মাঝে বিনামূল্যে পাঠা বিতরণ করা হয়েছে।
বুধবার (২০ মে) বিকেল ৩টায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোকসা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলাউদ্দিন। সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. সোহেল রানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ক্ষুদ্র ঋণ কর্মকর্তা শাকিল আহমেদসহ প্রাণিসম্পদ দপ্তরের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।
এ সময় উপজেলার ৫টি ইউনিয়নের ৫ জন নির্বাচিত খামারির প্রত্যেককে ২টি করে পাঠা প্রদান করা হয়।
পাঠা গ্রহণকারী খামারিরা জানান, সরকারি এ সহায়তা পেয়ে তারা অত্যন্ত আনন্দিত। তাদের প্রত্যাশা, এসব ছাগল থেকে বংশবিস্তার করে ভবিষ্যতে দেশীয় ব্ল্যাক বেঙ্গল ছাগলের উৎপাদন ও সংরক্ষণ আরও বৃদ্ধি পাবে।
উপজেলা প্রাণিসম্পদ দপ্তর জানায়, এ উদ্যোগের মাধ্যমে খামারিদের আর্থিকভাবে স্বাবলম্বী করা এবং দেশীয় জাতের ছাগল পালনে আগ্রহ বাড়ানোই মূল লক্ষ্য।

