নিজস্ব সংবাদদাতা, কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের কচুয়ায় খরিপ-১ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে উফশী আউশ ধান, গ্রীষ্মকালীন মুগ ডাল ও তিল ফসলের বীজ এবং রাসায়নিক সার বিতরণের উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১৫ এপ্রিল) সকাল ১১টায় উপজেলা কৃষি অফিস হলরুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কচুয়ার আয়োজনে এ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা আকাশ বৈরাগীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলী হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লী দারিদ্র্য বিমোচন কর্মকর্তা হাসান ইমাম, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক উজ্জ্বল কুমার দাস, বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ জাহাঙ্গীর হোসেনসহ উপজেলার বিভিন্ন বিভাগের কর্মকর্তা।
এছাড়া অনুষ্ঠানে কৃষি বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, স্থানীয় গণমাধ্যমকর্মী এবং বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কৃষকরা উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে মোট ১ হাজার ৭৯০ জন কৃষকের মাঝে এই প্রণোদনা সামগ্রী বিতরণ করা হবে। এর মধ্যে ৭টি ইউনিয়নের ১,৬০০ জন কৃষককে উফশী আউশ ধানের বীজ (প্রতি জন ৫ কেজি), ১৫০ জন কৃষককে গ্রীষ্মকালীন মুগ ডালের বীজ (প্রতি জন ৫ কেজি) এবং ৪০ জন কৃষককে তিলের বীজ (প্রতি জন ১ কেজি) দেওয়া হবে।
বীজের পাশাপাশি তালিকাভুক্ত প্রত্যেক কৃষককে বিনামূল্যে ১০ কেজি ডিএপি (DAP) সার এবং ৫ কেজি এমওপি (MOP) সার প্রদান করা হচ্ছে।
বক্তারা বলেন, সরকারের এ কৃষিবান্ধব কর্মসূচির ফলে প্রান্তিক কৃষকরা আউশ ও গ্রীষ্মকালীন ফসল চাষে আরও উৎসাহিত হবেন এবং ফলন বৃদ্ধিতে এটি সহায়ক ভূমিকা রাখবে। তারা কৃষকদের আধুনিক প্রযুক্তি ব্যবহার করে সঠিক নিয়মে চাষাবাদ করার আহ্বান জানান এবং সময়মতো বীজ ও সার ব্যবহারের গুরুত্ব তুলে ধরেন।
আউশ ও ডালজাতীয় ফসলের আবাদ বৃদ্ধির মাধ্যমে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

