আনিসুর রহমান সুমন, শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
সুন্দরবন পশ্চিম বন বিভাগের সাতক্ষীরা রেঞ্জের কদমতলা স্টেশনের আওতাধীন হলদেবুনিয়ায় গত ১৩ তারিখ সকালে ঝড়ের কবলে নৌকা ডুবে ৫ মৌয়াল নিখোঁজ হন। এর মধ্যে ৩ দিনের মধ্যে ৪ জনকে উদ্ধার করেছে বন বিভাগের সদস্যরা।
সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা ফজলুল হক জানান, সুন্দরবনের ছায়া নদীর টেক (কিনারায়) এলাকায় ২ জন মৌয়াল হলদেবুনিয়া বন টহল ফাঁড়ির ফাইবার বোট দেখতে পেয়ে ডাকাডাকি করতে থাকে। টহলরত ফাইবার বোটটি তাদের কাছে গিয়ে উদ্ধার করে এবং তাদের দেওয়া তথ্য অনুযায়ী আরও ২ জনকে উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া মৌয়ালদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা বুড়িগোয়ালিনী স্টেশন হতে পাশ নিয়ে মধু আহরণ করছিলেন। দাড়গাংয়ের মুখে (রায়মঙ্গল) থেকে কাচিকাটার উদ্দেশ্যে রওনা হলে হঠাৎ কালবৈশাখীর ঝড়ে পড়ে তাদের নৌকাটি ডুবে যায়।
সারা রাত তারা ২ জন করে পৃথকভাবে সুন্দরবনে অবস্থান করেন। পরদিন সকালে নদী শান্ত হলে ২ জন বন বিভাগের ফাইবার বোট দেখতে পেয়ে ডাকাডাকি শুরু করেন। পরে হলদেবুনিয়া বন অফিসের সদস্যরা তাদের উদ্ধার করেন।
পরদিন উদ্ধার হওয়া চারজনকে সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশনে হস্তান্তর করা হয়। বুধবার সকালে বন বিভাগ তাদের পরিবারের কাছে হস্তান্তর করে।
তবে রিপোর্ট লেখা পর্যন্ত আকবর আলি নামে একজন মৌয়াল এখনও নিখোঁজ রয়েছেন।
উদ্ধারকৃত ব্যক্তিরা হলেন—শ্যামনগর উপজেলা পশ্চিম বিড়ালক্ষী গ্রামের ফেরদাউস মোল্লার ছেলে রাসিদুল ইসলাম (৩৬), বুড়িগোয়ালিনীর মাসুদ সরদারের ছেলে শুকুর আলী সরদার (৩৭), একই এলাকার আদম আলীর ছেলে আব্দুল লতিফ মোল্যা (৬৪) এবং বিড়ালক্ষী গ্রামের লিয়াকত আলী মোল্লার ছেলে রহমান (২৩)।

