ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় মেঘনা নদীর তীরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৮ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও একজনকে ২ লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।
বুধবার (১৫ এপ্রিল) দুপুর ২টার দিকে উপজেলার ডুবাজাইল এলাকায় অবৈধ বালু ও মাটি উত্তোলন প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হোসেন আলী। ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’-এর ৪ নং ধারা লঙ্ঘনের দায়ে এবং অপরাধ প্রমাণিত হওয়ায় একই আইনের ১৫ নং ধারায় তাদের বিরুদ্ধে এ সাজা প্রদান করা হয়।
আদালত সূত্রে জানা যায়, দণ্ডপ্রাপ্তদের মধ্যে ৫ জনকে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড, ২ জনকে ১৫ দিনের কারাদণ্ড (যার মধ্যে একজনকে ২ লাখ টাকা অর্থদণ্ডও দেওয়া হয়) এবং অপর একজনকে ৬০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে দণ্ডপ্রাপ্তদের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
অভিযানকালে ঘটনাস্থল থেকে আনুমানিক ৪৫০ লিটার ডিজেল, ৬টি এলপিজি (এলপিজি) সিলিন্ডার এবং ৭টি ব্যাটারি জব্দ করা হয়। পরে সেগুলো প্রকাশ্য নিলামের মাধ্যমে ৮৯ হাজার ২০০ টাকায় বিক্রি করা হয়। নিলামকৃত ডিজেল কৃষকদের কৃষিকাজে ব্যবহারের জন্য নিশ্চিত করা হয়েছে।
এছাড়া অবৈধ কাজে ব্যবহৃত ২টি মাটি কাটার স্ক্যাভেটর, ৫টি মাটি পরিবহনকারী ট্রাক্টর এবং ২টি বাল্কহেড ঘটনাস্থলেই ধ্বংস করা হয়।
প্রশাসন জানিয়েছে, নদী ও পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

