রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় কৃত্রিম রং ব্যবহার করে ভেজাল তিল প্রস্তুত ও বাজারজাতের অভিযোগে দুই ব্যবসায়ীকে মোট ৬ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১৬ জুন) জেলা প্রশাসনের উদ্যোগে এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, রাজবাড়ীর সহায়তায় বালিয়াকান্দি উপজেলার বহরপুর ও জামালপুর বাজারে দিনব্যাপী এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবুবকর সিদ্দিক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডা. মো. আশিকুজ্জামান। এ সময় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. আসিফুর রহমান এবং উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক মো. পনিরুজ্জামান উপস্থিত ছিলেন।
অভিযানকালে আব্দুল হাই বিশ্বাস (৫৫) ও শহিদুল বিশ্বাস (৬২) নামের দুই ব্যক্তিকে কৃত্রিম রঞ্জক ব্যবহার করে ভেজাল তিল প্রস্তুত করতে দেখা যায়। তারা লাল তিলে রং মিশিয়ে কালো তিল হিসেবে বাজারজাতের প্রস্তুতি নিচ্ছিলেন বলে ভ্রাম্যমাণ আদালত নিশ্চিত হয়।
এ অপরাধে নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর সংশ্লিষ্ট ধারায় প্রত্যেককে ৩ লাখ টাকা করে মোট ৬ লাখ টাকা অর্থদণ্ড করা হয়। অনাদায়ে প্রত্যেকের ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
অভিযানে ২২ বস্তা রঞ্জকমিশ্রিত ভেজাল তিল এবং ভেজাল তৈরিতে ব্যবহৃত রঙের কৌটা জব্দ করা হয়। জব্দকৃত তিল বিধি মোতাবেক বিনষ্ট করার নির্দেশ দেওয়া হয়েছে।
জেলা প্রশাসন জানিয়েছে, জনস্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের ভেজালবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

