Nabadhara
ঢাকাবুধবার , ১৭ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

আন্তর্জাতিক অলিম্পিয়াডে গৌরনদীর তাওহীদের সাফল্য, ৯ হাজার ৩৩২ প্রতিযোগীর মধ্যে দ্বিতীয়

Link Copied!

গিয়াস উদ্দিন মিয়া, গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

আন্তর্জাতিক প্রতিযোগিতায় কৃতিত্বপূর্ণ সাফল্য অর্জন করে গৌরনদীর মুখ উজ্জ্বল করেছেন উপজেলার বড় কসবা গ্রামের কৃতি সন্তান টি.এম. তাওহীদ ইসলাম। তিনি সাংবাদিক সুমন তালুকদারের ছেলে এবং ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের সিভিল প্রযুক্তি বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

আন্তর্জাতিক প্ল্যাটফর্ম ‘জিরো অলিম্পিয়াড সিজন-২’-এ অংশ নিয়ে ‘টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি)-১৪: জলজ জীবন সংরক্ষণ’ বিভাগে দ্বিতীয় স্থান অর্জন করেছেন তাওহীদ। গত ১৩ জুন রাজধানীর বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি (বিইউএফটি)-তে অনুষ্ঠিত চূড়ান্ত পর্বে দেশের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ৯ হাজার ৩৩২ জন প্রতিযোগীর মধ্য থেকে বাছাই হওয়া ৫১ জন প্রতিযোগীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি এই গৌরবময় সাফল্য অর্জন করেন।

তাওহীদের এ অর্জন শুধু তাঁর ব্যক্তিগত সাফল্য নয়, বরং গৌরনদীবাসীর জন্যও গর্বের বিষয়। প্রত্যন্ত অঞ্চল থেকে উঠে এসে আন্তর্জাতিক পর্যায়ের প্রতিযোগিতায় নিজের মেধা, সৃজনশীলতা ও দক্ষতার স্বাক্ষর রেখে তিনি প্রমাণ করেছেন, সুযোগ ও অধ্যবসায় থাকলে গ্রামের শিক্ষার্থীরাও বিশ্বমঞ্চে নিজেদের অবস্থান সুদৃঢ় করতে পারে।

নিজের অনুভূতি ব্যক্ত করে তাওহীদ ইসলাম বলেন, “এই অর্জন আমাকে নতুন স্বপ্ন দেখার সাহস দিয়েছে। প্রতিযোগিতার মাধ্যমে অনেক গুণী ও সম্মানিত ব্যক্তির সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পেয়েছি। ভবিষ্যতে দেশ ও সমাজের জন্য আরও বড় পরিসরে কাজ করার অনুপ্রেরণা পেয়েছি।”

পুরস্কার হিসেবে তিনি ক্রেস্ট, পদক, বই, মগসহ বিভিন্ন সম্মাননা সামগ্রী লাভ করেন। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি-তে পূর্ণ বৃত্তি (ফুল স্কলারশিপ) অর্জন করে আরও একটি অনন্য কৃতিত্বের নজির স্থাপন করেছেন।

তাওহীদের এই সাফল্যে পরিবার, শিক্ষক, সহপাঠী এবং এলাকাবাসীর মধ্যে আনন্দের বন্যা বইছে। স্থানীয় শিক্ষানুরাগীরা মনে করেন, তাঁর এই অর্জন আগামী প্রজন্মকে বড় স্বপ্ন দেখতে এবং আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের মেধা ও যোগ্যতা তুলে ধরতে অনুপ্রাণিত করবে।

গৌরনদীবাসীর প্রত্যাশা, তাওহীদ ইসলামের সাফল্যের এই ধারা অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে আরও বড় অর্জনের মাধ্যমে তিনি দেশ ও জাতির জন্য গৌরব বয়ে আনবেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।